অজ্ঞান পার্টির সদস্য নিজেই অচেতন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ফেরির বাসে এক যাত্রীকে ওই ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর চেষ্টা করেন। ধরা পড়লে অন্য যাত্রীরা তাঁকেই উল্টো ওই ওষুধ খাইয়ে দেন।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী একটি ফেরিতে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। ৩ নম্বর ফেরিঘাট এলাকার মুদি দোকানি শামীম শেখ ও আমানত শাহ ফেরির লস্কর আইয়ুব খান বলেন, গতকাল সোমবার ভোর ছয়টার দিকে এই ফেরিঘাটের ওপরের দিকে অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তাঁরা।
দৌলতদিয়া নৌ–ফাঁড়ির এএসআই শফিকুল আলম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, ফেরিতে বাসযাত্রীকে কিছু খাইয়ে অচেতন করার চেষ্টা করে ধরা পড়লে বাসযাত্রীরা উল্টো অজ্ঞান পার্টির ওই সদস্যকেই ওষুধ খাইয়ে দেন। পরে তাঁকে ফেরিঘাটে রেখে যান। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডের বারান্দায় ওই ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। হালকা কথা বলার চেষ্টা করছেন। এ সময় তিনি নিজের নাম মিরাজ বলেন। বাড়ি নড়াইলে। কীভাবে এমন হয়েছে, তার কিছুই বলতে পারেন না তিনি।