অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে অজ্ঞান করার ওষুধ ও সরঞ্জাম উদ্ধার করার দাবি করেছে ডিবি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ হোসেন (৩২), তাঁর তিন সহযোগী মিন্টু মিয়া (৩২), মিন্টু হাওলাদার (৩০) ও লাল মিয়া (৪০)। হোসেন অজ্ঞান পার্টির দলনেতা বলে দাবি করেছে ডিবি।
গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দারুস সালাম থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী ডিবির সহকারী কমিশনার মাহবুবুর রহমানের ভাষ্যমতে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া অজ্ঞান পার্টির সদস্যরা জানিয়েছেন, তাঁদের গডফাদার হলেন ইমরান হাজি। তাঁদের দলে আরও চার-পাঁচজন সদস্য আছেন। গাবতলীর পশুর হাট তাঁদের প্রধান লক্ষ্য। পশু বেচা-কেনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক করে কৌশলে অজ্ঞান করার পর তাঁদের কাছ থেকে সর্বস্ব লুটে নেন অজ্ঞান পার্টির এই সদস্যরা। এ ছাড়া গাবতলী বাস টার্মিনালে আসা-যাওয়া করা যাত্রীদেরও অজ্ঞান করে তাঁরা টাকা-পয়সা হাতিয়ে নেন।
মাহবুবুর রহমান জানান, আজ দারুস সালাম থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।