অজ্ঞান পার্টির ১১ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তানে গত মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। তাঁদের কাছ থেকে ১১০টি চেতনানাশক বড়ি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন (৫২), কফিল (২৫), রুবেল (২২), বাবু (২০), রাব্বি (১৮), হোসেন মিয়াজি (২৯), দীন ইসলাম সরকার (২৩), জামাল (৩০), আরিফ (১৯), ইউসুফ (২৩) ও সাইফুল ইসলাম (২৯)।
ডিবির কর্মকর্তারা বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা শিকার হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে বাসযাত্রী, সিএনজিচালিত অটোরিকশার যাত্রী, রেলস্টেশন ও লঞ্চঘাটে অবস্থানরত লোকদের বেছে নেন। তাঁরা কৌশলে এসব ব্যক্তিকে বিভিন্ন প্রকার জুস, শরবত, চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ (ট্যাবলেট) মিশ্রিত করে খাওয়ানোর পর অজ্ঞান করে তাঁদের সব লুট করে নেন।
অজ্ঞান পার্টির সদস্যরা কখনো যাত্রীবেশে আবার হকার, চা ও পানবিক্রেতা সেজেও সাধারণ মানুষকে কৌশলে অজ্ঞান করে সব নিয়ে যান।
রাজধানীতে এ রকম শতাধিক চক্র রয়েছে। পুলিশ এদের ধরতে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
এর মধ্যে ১৯ অক্টোবর ডিবি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১৯ সদস্যকে গ্রেপ্তার করেছে। এদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।