অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে নেশাজাতীয় দ্রব্যের মাধ্যমে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার রাতে ফতুল্লার দেওভোগ মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শহরের দেওভোগ মাদ্রাসা রোড এলাকার ব্যবসায়ী আবদুল হালিমের বাড়িতে বেড়াতে আসেন তাঁদের পূর্বপরিচিত তিন নারী। এ সময় বাড়িতে ছিলেন হালিমের স্ত্রী ও পুত্রবধূ। পরে তাঁদের নেশাজাতীয় দ্রব্যের মাধ্যমে অচেতন করে ঘর থেকে সাড়ে তিন লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই তিনজন। এলাকাবাসীর সন্দেহ হলে তাঁদের আটক করে টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করে। এই ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি আক্তার হোসেন।