অজ্ঞান পার্টির ৩০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা অজ্ঞান পার্টির ৩০ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচটি চক্রের প্রধানেরা আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।
গতকাল বৃহস্পতিবার সকালে এই ৩০ জনকে গ্রেপ্তারের পর দণ্ড দেওয়া হয়। অজ্ঞান পার্টির কাছে ওষুধ বিক্রি করার অভিযোগে গত বুধবার রাতে গ্রেপ্তার করা মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ জানায়, চক্রগুলোর প্রধানদের মধ্যে এর আগে জলিল ব্যাপারী ১১ বার, মাওলা সরদার সাতবার এবং শরিফুল ইসলাম ও জাহিদ হোসেন দুবার করে গ্রেপ্তার হয়েছিলেন। মিজানুর রহমান গ্রেপ্তার হয়েছিলেন তিনবার।
ডিবি সূত্র জানায়, ডিবি বুধবার রাতে ফকিরাপুল থেকে অজ্ঞান করার ৭৫০টি বড়িসহ মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাঁকে গতকাল দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও আবদুল কুদ্দুসের নেতৃত্বে দুটি ভ্রাম্যমাণ আদালত ছয়টি স্থানে অভিযান চালিয়ে ছয় চক্রের প্রধানদেরসহ ৩০ জনকে গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে পাকিস্তানে তৈরি উচ্চমাত্রার ঘুমের বড়ি অ্যাটিভেনসহ বিভিন্ন মাত্রার ঘুমের বড়ি, আচার, সিগারেট, বিস্কুট, চা, চায়ের ফ্লাক্স ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁদের তিন মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড দেন। পরে তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। অভিযানে অংশ নেয় ডিবির দুই অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুল ইসলাম ও মো. আবদুল আহাদের নেতৃত্বে ডিবির কয়েকটি দল।
সকালে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বলেন, ওষুধ বিক্রি চক্রের প্রধান মিজানুর রহমানের তথ্যের ভিত্তিতে ফকিরাপুল থেকে অজ্ঞান পার্টি চক্রের প্রধান শরিফুলসহ ছয়জন, কমলাপুর থেকে জলিলসহ চারজন, গুলিস্তানে জাহিদসহ পাঁচজন, মহাখালী বাস টার্মিনাল থেকে মাওলাসহ পাঁচজন, শাহজালাল বিমানবন্দর থেকে সুমনসহ ছয়জন এবং কালশী থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।