অজ্ঞান পার্টির ৮ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মানুষকে অজ্ঞান করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে ভাটারা ও গাবতলী এলাকা থেকে আটজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়। অভিযান দুটিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভাটারা এলাকার নতুন বাজার চৌরাস্তা এলাকায় অভিযানে নামে ডিবি পুলিশের উত্তর বিভাগ। অভিযানে মো. বাদশা, মো. জহির ও আফজাল হোসেনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৯টি চেতনানাশক ওষুধ, তিনটি মলম ও চারটি ব্লেড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পথচারী ও যাত্রীদের অজ্ঞান করে টাকাপয়সা, স্বর্ণালংকার, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন বলে ডিবি জানিয়েছে। ঢাকা মহানগর এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ডিবির (উত্তর) উপকমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম, অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান এবং সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শরিফুল আলম অংশ নেন।
এ ছাড়া গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় ডিবি পুলিশের পশ্চিম বিভাগের অভিযানে মেহেদী হাসান, মনির হোসেন, কামাল হোসেন (১), আবুল হোসেন ও কামাল হোসেনকে (২) আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে ডিবির (পশ্চিম) উপকমিশনার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাহিদুজ্জামান প্রমুখ অংশ নেন।