অজয় রায়ের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষীয়ান রাজনীতিক অজয় রায়ের প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ আজ বুধবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত নেতার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ তাঁর জন্মস্থান কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রামে সমাহিত করা হবে।
গতকাল মঙ্গলবার সম্মিলিত সামাজিক আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত সোমবার ভোর সাড়ে পাঁচটায় মারা যান দেশের প্রগতিশীল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক আন্দোলনের অন্যতম পুরোধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
বাসস জানায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গতকাল এক বিবৃতিতে অজয় রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি অজয় রায়ের আত্মার শান্তি কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে অজয় রায়ের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান সফল করতে প্রগতিশীল, গণতন্ত্রমনা ও অসাম্প্রদায়িক ব্যক্তি ও সংগঠনের নেতাদের প্রতি অনুরোধ জানান।