খুলনা অঞ্চলের আট জেলার আটটি সেরা স্কুলের ৪০ জন শিক্ষার্থীর কাছে দিনটি ছিল অন্য রকম। গতকাল মঙ্গলবার খুলনা অঞ্চলের আই-জেন আঞ্চলিক প্রতিযোগিতা ও আবাসিক ক্যাম্পের শেষ দিনটি ছিল পাওয়া না-পাওয়া, হাসি-কান্না আর ইন্টারনেটের নানা বিষয় জেনে ঘরে ফেরার একটি দিন।
ওই ৪০ শিক্ষার্থীর মধ্যে খুলনা জিলা স্কুলের পাঁচ শিক্ষার্থী পেয়েছে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ। শিক্ষার্থীরা হলো সাদমান নাসিফ, নাঈমুল ইসলাম, রুহফয়েদ সাকিব, সাকিব ইকবাল ও অনিক মিত্র।
গ্রামীণফোনের মার্কেটিং কমার্শিয়াল ডিভিশনের স্পেশালিস্ট অ্যাকটিভেশন অফিসার জিয়াউর রহমান দুপুরে ফল ঘোষণা করেন।
চূড়ান্ত ফল ঘোষণার আগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অনুভূতি জানায়। ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন হোসেন বলে, ‘এই আবাসিক ক্যাম্পে আমরা তথ্যপ্রযুক্তি ও অনেক কিছু শিখেছি। কম্পিউটার প্রোগ্রামিং, ওয়েবসাইট তৈরি ও ইন্টারনেটে দরকারি তথ্য খোঁজা ও নিরাপত্তা বিষয়ে ধারণা পেয়েছি। প্রশিক্ষণ পেয়েছি উপস্থাপন ও সুন্দর বাচনভঙ্গির। আমরা জিততে না পারলেও এগুলো মাথায় রেখে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারব।’
বিজয়ী খুলনা জিলা স্কুলের সাদমান নাফিস জানায়, তিন দিন বিভিন্ন জেলায় নতুন বন্ধু তৈরি হয়েছে। তবে একসঙ্গে অনেকটা সময় কাটানোর পর একে অন্যকে ছেড়ে যাওয়ার বেদনায় মন কিছুটা খারাপ। এই ক্যাম্প থেকে তারা অনেক কিছু শিখেছে।