অঞ্চল-পথের সুযোগ কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ঊর্ধ্বে উঠে সড়ক ও সমুদ্রপথে চীনের সংযোগ উদ্যোগ ‘এক অঞ্চল, এক পথ’ থেকে সুফল আদায়ে বাংলাদেশের চেষ্টা করা উচিত।

গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত এক সম্মেলনে বক্তারা এই অভিমত দেন। সম্মেলনে সংযোগের উদ্যোগটি নিয়ে কূটনীতিক, গবেষক ও ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।

উদ্বোধনী অধিবেশনে বিইআইয়ের প্রেসিডেন্ট ফারুক সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং ঢাকায় চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং।

গওহর রিজভী বলেন, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান প্রথম কর্ম অধিবেশনে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ভারত ও চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে গিয়ে চীনের ভ্যালু চেইন এবং এশিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনৈতিক বলয়ের সুযোগকে বাংলাদেশের কাজে লাগাতে হবে। তাঁর মতে, চীনের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগটি কোনো কাল্পনিক ধারণা নয়। এই উদ্যোগের পুরো প্রক্রিয়াটিই হচ্ছে অর্থনৈতিক ও আর্থিক বাস্তবতা। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে গভীর সমুদ্রবন্দর তৈরি হবে।

বিইআইয়ের ভাইস প্রেসিডেন্ট মো. হুমায়ুন কবীর বলেন, অঞ্চল ও পথের উদ্যোগটি বাংলাদেশের জন্য বিপুল সম্ভাবনার সুযোগ তৈরি করেছে। চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের কারণে এই সম্ভাবনা যাতে বিঘ্নিত না হয়, সেটিকে বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। তাঁর মতে, সমন্বিতভাবে এই উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়ায় সহযোগিতামূলক ও আলোচনার পথ খোলা রাখা উচিত।

চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং বলেন, অঞ্চল ও পথের উদ্যোগটি কারও জন্য বাধ্যতামূলক নয়। বাণিজ্যের ক্ষেত্রে সংরক্ষণবাদ এবং আস্থার সংকট দূর করার ক্ষেত্রে এটি একটি বৈষম্যহীন প্রক্রিয়া।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) পরিচালনা পরিষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমেদ তাঁর প্রবন্ধে বলেন, সংযোগের উদ্যোগে বাধা দূর করে অবাধ যাতায়াত নিশ্চিত করার সুযোগ থাকা উচিত।

আলোচনায় এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাশেম খান, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ফয়সাল আহমেদ প্রমুখ।