অঞ্জলী হত্যার তদন্ত দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী দেবীর হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁরা দ্রুত ঘটনার তদন্ত শেষ করতে পুলিশ প্রশাসনের প্রতিও আহ্বান জানান। গতকাল সোমবার নগরের প্রবর্তক মোড়ে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

গত ১০ জানুয়ারি চট্টগ্রামের চকবাজারের তেলাপট্টি মোড় এলাকায় বাসার কাছে অঞ্জলী দেবীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যার ১০ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো অন্ধকারে রয়েছে। যথাসময়ে তদন্ত শেষ না হলে খুনিরা আড়ালে চলে যেতে পারে। যত দ্রুত সম্ভব হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ মিনারা খানম, ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রতন কুমার নাথ, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবুল হাসান প্রমুখ।