অটবি-প্রথম আলো ক্রিকেট কুইজের পুরস্কার হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটবি-প্রথম আলো বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর গতকাল প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এই কুইজের চার পর্বের ২৮ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বকাপ চলাকালে অনুষ্ঠিত এ কুইজে চার পর্বে প্রায় ১০ লাখ কুপন জমা পড়ে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে চার পর্বে চারজন বিজয়ীর প্রত্যেকে পেয়েছেন এক লাখ টাকার অটবি সামগ্রী। এ ছাড়া চারজনের প্রত্যেকে ৫০ হাজার টাকার, চারজন ২৫ হাজার টাকার এবং ১৬ জনের প্রত্যেকে পেয়েছেন ১০ হাজার টাকার অটবি সামগ্রী। কুইজ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার হান্নান সরকার, এনামুল হক জুনিয়র, অটবির চেয়ারম্যান ফাল্গুনী কুণ্ডু, ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুণ্ডু, প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হাসান নাসির এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। পুরস্কার হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান। অনুষ্ঠানে ক্রিকেটার হান্নান সরকার ও এনামুল হক জুনিয়র ক্রিকেট নিয়ে এমন একটি আয়োজনে মানুষের এত আগ্রহের জন্য কুইজে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান। সাব্বির হাসান নাসির অটবির পক্ষ থেকে দেশের ক্রিকেটকে যাঁরা সমর্থন দিয়ে যাচ্ছেন এমন কোটি মানুষের সঙ্গে থেকে উৎসাহ দেওয়ার ইচ্ছার কথা জানান। মতিউর রহমান বিশ্বকাপ উপলক্ষে প্রথম আলোর নানাবিধ আয়োজনে ব্যাপক সাড়ার জন্য পাঠকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে তিনি বরেণ্য শিল্পী অটবির প্রতিষ্ঠাতা প্রয়াত নিতুন কুণ্ডুকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে পুরো কুইজ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন প্রথম আলোর ব্র্যান্ড নির্বাহী জাবেদ সুলতান।