অটবির কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের আকরাইন এলাকার আগুনে পুড়ে যাওয়া অটবির আসবাবপত্রের কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরা ঘিরে রেখেছেন। তবে অন্য সব ইউনিট আগের মতোই খোলা রাখা হয়েছে।
মালামাল, যন্ত্রপাতিসহ এক লাখ ৩০ হাজার বর্গফুটের এই কারখানা গত মঙ্গলবার রাতে আগুনে পুরোপুরি পুড়ে যায়। এতে কত টাকার ক্ষতি হয়েছে, গতকাল বুধবার পর্যন্তও কারখানা কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি।
গতকাল সরেজমিনে গিয়ে কারখানাটির দুই পাশের মূল ফটকে পুলিশ ও প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের পাহারা দিতে দেখা যায়। এ সময় অনেক উৎসুক মানুষ ও শ্রমিককে কারখানার সামনে ভিড় করতে দেখা যায়। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও নিরাপত্তাকর্মীরা কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি।
পুড়ে যাওয়া কারখানাটির নিরাপত্তাকর্মী বদিউল ইসলাম জানান, পাঁচ শতাধিক কর্মী কারখানাটিতে কাজ করতেন। কারখানাটি পুড়ে যাওয়ায় তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।