অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কাল ঢাকায় শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সোমবার ঢাকায় শুরু হবে ‘অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারস অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিস ইন বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। আয়োজকেরা বলছেন, অটিজম নিয়ে এ সম্মেলনটি দক্ষিণ এশিয়ার মধ্যে এযাবৎকালের সবচেয়ে বড় সম্মেলন। গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে জানানো হয়, গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত অনুষ্ঠিত হবে গোলটেবিল বৈঠক। রাজধানীর রূপসী বাংলা হোটেলে মূল সম্মেলন শুরু হবে কাল সোমবার। এতে প্রধান অতিথি থাকবেন ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের সেকেন্ড লেডি ইলহাম হোসেন, পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার ফাহমিদা মির্জা, শ্রীলঙ্কার ফার্স্ট লেডি শিরানথি রাজাপক্ষেসহ বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করবেন।সম্মেলনটির আয়োজক বিএসএমএমইউর সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন, যুক্তরাষ্ট্রের অটিজম স্পিকস গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ। এতে সহায়তা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং এ সংস্থার দক্ষিণ এশীয় আঞ্চলিক কার্যালয়। সম্মেলন ও প্রশিক্ষণে বিভিন্ন দেশের ৩৫ জন এবং দেশীয় ১৭ জন বিশেষজ্ঞ অংশ নেবেন।সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, অটিজম নিয়ে বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এমনকি বিশ্বের অন্যান্য দেশেও এত বড় সম্মেলন হয়নি। কাজেই এ সম্মেলন মাইলফলক হয়ে থাকবে। এ সম্মেলন থেকে ঢাকা ঘোষণা, শিশুদের শিক্ষা, সেবা নিয়ে কর্মপরিকল্পনা তৈরি এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘অটিজমের একক কোনো চিকিৎসা নেই। শিশুকে কথা বলা, হাঁটা, ব্যবহার শেখানো থেকে শুরু করে অনেক কিছু শেখাতে হয়। এটি আজ শেখালাম, কালই শিখে ফেলল, তা নয়। এটি একটি দীর্ঘমেয়াদি ও চলমান প্রক্রিয়া।’সমাজকল্যাণসচিব রণজিৎ কুমার বিশ্বাস বলেন, অটিজম নিয়ে দেশে আলাদা গবেষণা হয়নি। তবে বলা হয়, দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ প্রতিবন্ধী। এই প্রতিবন্ধীদের ১ শতাংশ অটিস্টিক। সে হিসেবে দেশে অটিস্টিক ব্যক্তি দেড় লাখ।বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, আগে অটিস্টিক শিশুদের পাগল বলা হতো। বর্তমানে সে পাগল না অটিস্টিক, সে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বিএসএমএমইউর সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন কেন্দ্রটিতে।প্রাণ গোপাল দত্ত আরও বলেন, আন্তর্জাতিক মানের এ সম্মেলনটি আয়োজন করতে খরচ তেমন একটা হবে না। রাষ্ট্রীয় অতিথিরা নিজ খরচে আসছেন।সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য নেওয়া সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, দুয়ার খুলে গেছে। এখন সামনের দিকে এগোতে হবে। সচেতনতা বাড়াতে হবে।সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এবং যুক্তরাষ্ট্রের সিপিসি বিহেভিরিয়াল হেলথকেয়ারের মেডিকেল পরিচালক এ এফ এম জে হক বক্তব্য দেন।