অটিজম বিষয়ে ডব্লিউএইচওর চ্যাম্পিয়ন সায়মা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেনকে ‘চ্যাম্পিয়ন ফর অটিজম ইন সাউথইস্ট এশিয়া রিজিয়ন’ (অটিজম বিষয়ে দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের অগ্রসৈনিক) মনোনীত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নয়াদিল্লিতে সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয়ে ২ এপ্রিল বিশ্ব অটিজম দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল শনিবার এ ঘোষণা দেওয়া হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে এ-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। সায়মা ওয়াজেদ অটিজম এবং নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার-বিষয়ক বাংলাদেশ ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটির চেয়ারপারসন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব অটিজম সচেতনতা দিবসের প্রাক্কালে চ্যাম্পিয়ন হিসেবে সায়মা ওয়াজেদের নাম ঘোষণা দিয়ে বলেছে, তিনি জাতীয় নীতিমালা ও কৌশল বিষয়ে প্রচারণার জন্য এ অঞ্চলের ১১টি সদস্যদেশের সঙ্গে অ্যাডভোকেসিতে সহায়তা দেবেন। এ জন্য তাঁকে অটিজমের জন্য একজন শক্তিশালী প্রচারক হিসেবে মনোনীত করা হয়েছে।