
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। এর পেছনে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নিরলস প্রচেষ্টা।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মেহের আফরোজ এ কথা বলেন। গতকাল রোববার শিশু একাডেমী মিলনায়তনে অটিজম শিশুদের নাচ, গান ও আবৃত্তিতে মুগ্ধ হন দর্শক-শ্রোতারা। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনা চলাকালে মিলনায়তনজুড়ে ছিল পিনপতন নীরবতা।
মেহের আফরোজ বলেন, অটিজম বিষয়ে মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। দিন দিন তা বাড়ছে। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ‘অটিজম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবা এবং আর্থসামাজিক সহায়তা বৃদ্ধি’ শীর্ষক প্রস্তাব গৃহীত হওয়ার কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
শিশু একাডেমীর চেয়ারম্যান ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি