অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান
২৯ বছর বয়সের অসুস্থ কান্তা বিনা চিকিৎসায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি অটিস্টিক, এটাই ছিল তাঁর অপরাধ। নগরের নামকরা একটি ক্লিনিক তাঁকে চিকিৎসা দিতে ভয় পেয়েছে। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজন চিকিৎসক চিকিৎসা দিতে রাজি হলেও ওপর মহল থেকে অনুমতি পেতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে সব শেষ।গতকাল মঙ্গলবার বিশেষ স্কুল কেয়ারিং গ্লোরির সেক্রেটারি জেনারেল আখতারী আসফ তাঁর বোনের মেয়ে কান্তার মৃত্যুর ঘটনাটি এভাবে বর্ণনা করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে এ সময় কান্তার মা অঝোরে কাঁদতে থাকেন। তাঁর এ কান্না অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ, অটিস্টিক সন্তানদের অভিভাবকসহ সবাইকে দুঃখভারাক্রান্ত করে তোলে। জাতীয় প্রতিবন্ধী ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধিতা বিষয়ে বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ বলেন, সমাজে অনেক পরিবর্তন এসেছে, তার পরও এ ধরনের ঘটনা ঘটছে। এ ধরনের সমস্যা মোকাবিলায় অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর অভিভাবক ও সেবাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি খন্দকার জহুরুল আলম। আলোচনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন নেসা খানম বলেন, প্রতিবন্ধীদের জন্য সরকার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একটি করে ইউনিট স্থাপন এবং জেলা পর্যায়ে একটি করে ডে কেয়ার সেন্টার তৈরির কাজ শুরু করেছে।সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক বেবী মওদুদ। অন্যদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা বেগম, চিকিৎসক রওনাক হাফিজ, লে. কর্নেল ফখরুল আহসান, চিকিৎসক শামীম মতিন চৌধুরী, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী নুরুল কবির, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম ফেরদৌস, অ্যাকশন এইডের প্রতিনিধি রাবেয়া সুলতানা, শাহীন আকতার বক্তব্য দেন।