অটিজম মোকাবিলায় অবদান রাখায় পুরস্কৃত সায়মা ওয়াজেদ

অটিজম স্পেক্ট্রাম ডিসঅর্ডারস মোকাবিলায় অসামান্য অবদানের জন্য সায়মা ওয়াজেদ হোসেনকে সম্মাননা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সায়মা হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস ও অটিজমের জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি।
সায়মা হোসেন এ অঞ্চলে এবং বিশ্বব্যাপী অটিজম বিষয়ে বাংলাদেশের যে ভূমিকা তার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন বলে উল্লেখ করেন দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং। তিনি বলেন, ‘অটিজম স্পেক্ট্রাম ডিজিজেস এবং চাইল্ডহুড ডেভেলপমেন্ট ডিজঅর্ডারস বিষয়ে মিস হোসেনের কর্মপ্রচেষ্টা বহুমুখী/বহুপক্ষীয় অংশীদারত্ব গঠনে সাহায্য করেছে। সে কারণে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে বিশেষ কিছু সিদ্ধান্তও নিয়েছে।’
পূর্ব তিমুরের ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রামের (এনএমসিপি) গুরুত্বপূর্ণ অবদানেরও স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০০৬ সালে দেশটিতে ২ লাখ ২৩ হাজারেরও বেশি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। মারা যায় ৬৮ জনেরও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা নিয়ে এনএমসিপি দেশব্যাপী ম্যালেরিয়া প্রতিরোধে প্রচেষ্টা চালায়। ২০১৩ সালের মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা হয় ১০৪০ জন। মারা যায় ৩ জন। আক্রান্তের হার এখন প্রতি ১০০০ জনে ১ জন। এখন ম্যালেরিয়ায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে দেশটি।
উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য এনএমসি কর্মসূচিকে অভিনন্দন জানান পুনম ক্ষেত্রপাল সিং। তিনি বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়ে এবং ম্যালেরিয়ার এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন করে যে চমৎকার সাফল্য দেখিয়েছে, তার জন্য পূর্ব তিমুরের জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি প্রশংসার দাবিদার। এ কর্মসূচি উন্নয়নশীল দেশগুলোর অন্যান্য ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য অনুসরণীয় হতে পারে।’
এখন থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক জনস্বাস্থ্যে উল্লেখযোগ্য অবদানের জন্য দুটি করে পুরস্কার দেবে। একটি পুরস্কার দেওয়া হবে ব্যক্তিকে, অন্যটি প্রতিষ্ঠানকে।