অটিজম-আক্রান্তরা রাষ্ট্রের বোঝা নয়: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটিজম-আক্রান্ত ব্যক্তিরা কোনোভাবেই রাষ্ট্রের বোঝা নয়। সঠিক পরিচর্যা ও সেবা পেলে তাদের অনেকে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আয়োজিত দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ও আঞ্চলিক কমিটির সভায় অটিজম-বিষয়ক একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা মোট জনসংখ্যায় প্রতিনিধিত্ব সংখ্যক না হওয়ার অজুহাতে কোনো রাষ্ট্র তাদের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা ও মূল্যকে অস্বীকার করতে পারে না। তিনি বলেন, বিশ্বমানের অনেক মনীষী আছেন যাঁরা অটিজমে আক্রান্ত। সঠিক পরিচর্যা, সমাজের সহানুভূতি ও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের অনেকেই নিজেদের ওই উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু আন্তরিকতার ঘাটতি নেই। সীমিত সম্পদ নিয়েই প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। এ লক্ষ্যে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইতিমধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা ও যোগাযোগের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
মানসিক স্বাস্থ্য-সম্পর্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সপার্ট অ্যাডভাইজরি প্যানেলের সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। একই সঙ্গে তিনি অটিজমের ওপর মূল নিবন্ধ উপস্থাপন করেন।

গোলটেবিল বৈঠকে জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের ডিন মাইকেল ক্লাগ জনস্বাস্থ্যের প্রেক্ষাপটে অটিজম বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া কুয়েত সেন্টার ফর অটিজমের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং বিশ্ব অটিজম অরগানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট সামিরা আল সাদ মা-বাবা ও সাংগঠনিক দৃষ্টিকোণ বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিংয়ের সঞ্চালনায় সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।

ভারত ও ভুটানের স্বাস্থ্যমন্ত্রী, যুক্তরাজ্য, কানাডা, ইতালি, তুরস্ক, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ার রাষ্ট্রদূত ও চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ইউএসএইড, ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউনিসেফ, আইসিআরসি এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।