অটিস্টিক শিশু ও ব্যক্তিদের জন্য বিশেষ কার্ডের কথা ভাবা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি অটিস্টিক সন্তানদের ঘরে বন্দী করে না রেখে বাইরে বের করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জানান, সরকার অটিস্টিক শিশু ও ব্যক্তিদের জন্য বিশেষ কার্ড দেওয়ার কথা বিবেচনা করছে, যাতে তারা হাসপাতালসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারে।

আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অটিস্টিক সন্তানের অভিভাবকদের নিয়ে গঠিত প্যারেন্টস ফোরাম ফর ডিফরেন্টলি অ্যাবলের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে এবং অতিথিদের আলোচনা শেষে ৪০ জন অটিস্টিক শিশুর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। তাঁর আরেক পরিচয় তিনি অটিস্টিক সন্তানের মা। নাছিমা বেগম বলেন, ‘কোনো মা কি সন্তানের মৃত্যু কামনা করে? এক সময় আমি কামনা করেছি। কেননা আমার সন্তানকে কোথায় রেখে যাব? আমার সন্তান কোথায় থাকবে, তা আমি মারা যাওয়ার আগে দেখে যেতে চাই।’
নাছিমা বেগম বলেন, ‘আমি সরকারের কর্মকর্তা হিসেবে সরকারের সীমাবদ্ধতা বুঝি। আবার মা হিসেবে সন্তানের চাহিদা বুঝি। বর্তমানে সরকার এগিয়ে এসেছে। আরও অনেকে এগিয়ে আসছে। এই সন্তানদের জন্য যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।’
অনুষ্ঠানটি ১৭ বছর বয়সী সিয়াম উপস্থাপনা করেছে। স্পষ্ট করে অনুষ্ঠানের অতিথিদের নাম বলছে। একজন অতিথির নাম বলার পর সবাই বুঝতে পারছে ওই অতিথি উপস্থিত নেই। অনুষ্ঠানের উপস্থাপকের বিষয়টি বুঝতে খানিকটা দেরি হলো, এই যা। শুধু এটুকু ছাড়া সিয়ামের উপস্থাপনায় কেউ কোনো ভুল ধরতে পারবে না। সিয়ামও একজন অটিস্টিক শিশু।
সিয়ামের মা সাজিদা রহমান। তিনি মঞ্চে অতিথিদের সঙ্গে বসে আছেন। সাজিদা রহমান একজন মা এবং প্যারেন্টস ফোরাম ফর ডিফরেন্টলি অ্যাবলের প্রেসিডেন্ট হিসেবে বক্তব্যে বলেন, ‘স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার সন্তান অটিস্টিক। এটা কোনো লজ্জার বিষয় নয়। অটিস্টিক সন্তানদের সীমাবদ্ধতা আছে, তবে ফেলনা নয়। ছেলেকে নিয়ে হাবুডুবু খাচ্ছিলাম। তবে সরকার এবং অন্যদের সহযোগিতায় এখন মানুষ অটিস্টিক শব্দের সঙ্গে পরিচিত। আমরা একীভূত সমাজের যে স্বপ্ন দেখেছিলাম, তা আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে।’
শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘এক সময় মনে করা হতো এই ধরনের সন্তানদের কাছ থেকে কিছু পাওয়া যাবে না। দেখেশুনে রাখতে হবে। কথাটা সত্য নয়। সমাজকে কিছু দেওয়ার জন্য এই বাচ্চারা প্রস্তুত। তার আগে তাদের শুধু একটু প্রস্তুত করে দিতে হবে।’
শিশু একাডেমীর মিলনায়তনের বাইরে অটিস্টিক শিশুদের তৈরি নানা পণ্য এবং অটিস্টিক শিশু শাহরিয়ার মাহমুদের তোলা ২৬টি আলোকচিত্র নিয়ে প্রদর্শনীও সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মাযহারুল মান্নান, শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন বক্তব্য দেন।