অটিস্টিক শিশুকে অবহেলা নয় সুস্থ আচরণ করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক বিশ্ববিখ্যাত ব্যক্তি রয়েছেন, যাঁরা অটিস্টিক। তাঁরা নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে উন্নতির চূড়ায় অবস্থান করছেন। তাই কোনো অটিস্টিক শিশুকে অবহেলা ও হেয় না করে অন্য সব শিশুর মতোই সুস্থ আচরণ করা উচিত। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন অটিজম-আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। গণসচেতনতা তৈরি করতে পারলে এসব শিশুকে স্বাভাবিক জগতে ফিরিয়ে আনা সম্ভব।পঞ্চম বিশ্ব অটিজম-সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন এবং জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউনিক), ঢাকার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ওসুল আহমদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত আলী। আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তৃতা করেন সিলেটের স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ইকবাল হোসেন চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সায়েন্সের ডিন মীর মাহবুবুল আলম, সিভিল সার্জন কামরুল ইসলাম, জাতিসংঘ তথ্যকেন্দ্রের অধিকর্তা কাজী আলী রেজা, নলেজ ম্যানেজমেন্ট কর্মকর্তা মো. মনিরুজ্জামান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহসভাপতি ইহতেশামুল হক চৌধুরী, সিলেটের সভাপতি রুকনউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ চৌধুরী প্রমুখ।কলেজের সহযোগী অধ্যাপক প্রভাত রঞ্জন দের সঞ্চালনে বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম ফেরদৌস, রোমেনা মোর্শেদ ও চিকিৎসক শ্যামজয় দাস প্রবন্ধ উপস্থাপন করেন। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মতিউর রহমান।প্রবন্ধে উল্লেখ করা হয়, বাংলাদেশে ১৯৯০ সালে প্রতি হাজারে ১৪৩ জন শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে, সেটা ২০১১ সালে এসে মাত্র ৪৮ জনে ঠেকেছে। এটি একটি বিরাট সফলতা। কিন্তু ১৯৯০ সালে যেখানে ৮০ জন বিভিন্ন সমস্যায় আক্রান্ত শিশু ছিল, সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৮০ জনে। এর মধ্যে ৩ দশমিক ৫ ভাগ শিশু অটিস্টিক। ওসমানী হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে চলতি মাস পর্যন্ত পাঁচ হাজার ১৫৬ জন শিশু চিকিৎসার জন্য এসেছে। সেসব শিশুর মধ্যে ৬৭০ জন শিশু অটিস্টিক। জাতিসংঘ তথ্যকেন্দ্রের অধিকর্তা কাজী আলী রেজা বলেন, ‘পাঁচ বছর আগে প্রতি ১৫০ জনে মাত্র একজন অটিস্টিক শিশুর জন্ম হতো। এখন প্রতি ৮৮ জনে কোনো না কোনো শিশু অটিজম নিয়ে জন্ম নেয়। অটিজম শিশুরা অন্যদের চেয়ে একটু আলাদা। এদের মধ্যে বৈচিত্র্য রয়েছে, অথচ এই বৈচিত্র্য আমরা পছন্দ করি না। ফলে আমরা অনেকেই অটিজম শিশুকে বৈষম্যের চোখে দেখি। নানা ধরনের অর্বাচীন বাংলা ব্যবহার করে ওই সব শিশুকে হেয় করি। এটা একেবারেই অনুচিত। এ ধরনের দৃষ্টিভঙ্গি পরিহার করা উচিত।’ মো. শওকত আলী বলেন, অটিস্টিক শিশুরা প্রথম ধাক্কা খায় বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর। ক্লাসে অনেকে এসব শিশুর সঙ্গে পীড়াদায়ক আচরণ করে। তাই প্রথমেই শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানো উচিত, যাতে কোনো অটিস্টিক শিশুকেই কারণে-অকারণে হেয়প্রতিপন্ন না করা হয়—সেটি নিশ্চিত করা উচিত। এ ছাড়া অটিস্টিক শিশুদের পিতা-মাতাদের একটি সংগঠন থাকা উচিত। এমনকি অটিস্টিক শিশুদের মেধা ও সম্ভাবনা কাজে লাগাতে সব ধরনের সুযোগও গ্রহণ করা উচিত।