অটিস্টিক শিশুদের আঁকা ছবির বইয়ের মোড়ক উন্মোচন

প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনের সম্পাদনায় প্রকাশিত অনন্য ছবি নামের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে ১৩৬-তম আইপিইউ সম্মেলনে দেশি-বিদেশি অতিথিদের সামনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ দক্ষতাসম্পন্ন (অটিস্টিক) শিশুশিল্পীদের ২৬০টি চিত্রকর্ম রয়েছে বইটিতে। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী ও আইপিইউর সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং বক্তব্য দেন। এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, সংসদ সদস্য ও সম্মেলনে আগত বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ বলেন, ‘বইটি শিল্পীদের স্বপ্ন। এই বইয়ের মাধ্যমে তারা পুরো বিশ্বকে দেখছে। এসব ছবি থেকে তাদের চিন্তার জগৎকে চেনা যাবে। বিশেষভাবে সক্ষম সমাজের এসব ব্যক্তির জন্য অনেক কিছু করার আছে। তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ মানবতার প্রতি দায়িত্ব পালন।’
শিরীন শারমিন চৌধুরী বলেন, অটিস্টিক শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। এদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।