অটিস্টিক শিশুদের খাবার বুঝেশুনে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রতিষ্ঠান নিউট্রিশন অ্যান্ড অটিজম রিসার্চ সেন্টার (নার্ক) আয়োজিত সেমিনারে আলোচকেরা বলেছেন, অটিস্টিক শিশুদের খাবারের ব্যাপারে অভিভাবকদের বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন। কিছু খাবার এ ধরনের শিশুকে অসুস্থ করতে পারে। গতকাল শনিবার রাজধানীর সানরাইজ প্লাজায় সেমিনারটির আয়োজন করা হয়।
সেমিনারের মূল প্রবন্ধে আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান বলেন, অটিস্টিক শিশুদের খাদ্যতালিকা থেকে রুটি, ক্র্যাকার্স, পাস্তা ও বেকারিতে তৈরি খাবার বাদ দেওয়া প্রয়োজন। এ ছাড়া চিনিযুক্ত খাবার, মধু, লাল আঙুর, কলা, চকলেট, সয়াসস, চিজ ইত্যাদিও এড়িয়ে চলতে হবে। এ ধরনের খাবার খেলে শিশুদের মধ্যে ডায়রিয়া, অতিরিক্ত চঞ্চলতা বা ঝিমুনি ভাব, ঘুম না হওয়া, হঠাৎ উত্তেজিত হয়ে যাওয়া এবং সারাক্ষণ বিরক্ত হয়ে থাকার মতো উপসর্গ দেখা দিতে পারে।
সুস্থ শিশু জন্ম দিতে গর্ভধারণের পরপরই মায়েদের জন্য বিশেষ ধরনের খাবারের ব্যবস্থা করার কথা বলেছেন বারডেমের বায়োকেমিস্ট্রি অ্যান্ড সেল বায়োলোজি বিভাগের জ্যেষ্ঠ গবেষক কামরুন্নাহার। তিনি মায়েদের ফলিক অ্যাসিড, ভিটামিন ১২, জিঙ্ক ও আয়রনসমৃদ্ধ খাবার খাওয়ানোর পরামর্শ দেন। কামরুন্নাহার বলেন, অটিজমে ভোগা সব শিশু যে একই ধরনের খাবার সহ্য করতে পারে না, বিষয়টি এমন নয়। একেক শিশুর একেক ধরনের খাবারে অসুবিধা দেখা দিতে পারে। শিশুদের খাবারে চিনি পুরোপুরি বাদ দেওয়া ঠিক হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘সাঘাটা ও ফুলছড়ি এলাকার দুজন অটিস্টিক ছাত্র বিশেষ অলিম্পিকে সোনার মেডেল নিয়ে এসেছে। আপনারা উৎসাহ হারাবেন না। ওরা সম্পদ।’
সেমিনারটি সঞ্চালনা করেন পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান মুজাহেরুল হক।