অটিস্টিক শিশুদের জন্য পারস্পরিক সহযোগিতার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিস্টিক শিশুদের কল্যাণে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানোর মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে ঢাকায় আয়োজিত অটিজম-বিষয়ক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রভিত্তিক অটিজম স্পিকস যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।সমাপনী দিনে রূপসী বাংলা হোটেলে আয়োজিত বিভিন্ন অধিবেশনে বক্তারা বলেন, এই শিশুদের কল্যাণে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। তাদের মেধার বিকাশ ঘটিয়ে সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।সম্মেলন আয়োজনের জন্য গঠিত জাতীয় কমিটির চেয়ারম্যান সায়মা হোসেন বলেন, অটিস্টিক শিশুরা একা নয়, গোটা বিশ্ব তাদের পাশে আছে। তিনি বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে দক্ষিণ এশীয় অটিজম নেটওয়ার্ক গঠনের ভিত্তি রচিত হলো। এখন তাদের মুখে হাসি ফোটাতে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে।সমাপনী অধিবেশনে সায়মা হোসেন অভিভাবকদের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, এই শিশুদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ সম্মেলনের সমাপনী বক্তব্যে বলেন, অটিস্টিক শিশুদের কল্যাণে বিশ্বজুড়ে আন্দোলন শুরু হয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, অটিজম মোকাবিলায় সংক্ষিপ্ত কিন্তু কার্যকর পরিকল্পনা করতে হবে। গত সোমবার দুই দিনের ওই আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের কংগ্রেস পার্টির সভাপতি সোনিয়া গান্ধী, শ্রীলঙ্কার ফার্স্ট লেডি শিরানথি রাজাপক্ষে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের স্ত্রী ইলহাম হোসেন প্রমুখ।সমাপনী অধিবেশনে ঢাকা ঘোষণার প্রতি সমর্থন দিয়ে বক্তারা বলেন, অটিজম মোকাবিলায় নতুনভাবে চিন্তা করার সময় এসেছে।