অটিস্টিক শিশুদের জন্য বিশেষ ল্যাব
চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশী এলাকার স্পেকট্রা স্কুল অব অটিজমে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অটিস্টিক শিশুদের জন্য ‘ক্যান্টপার্ক টেকনোহাট কম্পিউটার ল্যাব’ নামের বিশেষায়িত ল্যাবের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম এই ল্যাবের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের আয়োজন করে ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ অ্যান্ড এডুকেশন (ফেয়ার)। ক্যান্টপার্ক নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সহযোগিতায় ল্যাবটি গড়ে তোলা হয়।
ফেয়ারের সহসভাপতি ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যান্টপার্কের কর্মকর্তা নামেল রাজাপাকশে, মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেয়ারের সহসভাপতি ফাহমিদা ইসলাম চৌধুরী, অটিস্টিক স্কুলের অধ্যক্ষ রেহানা রিফাত। অনুষ্ঠান পরিচালনা করেন ফেয়ারের সাধারণ সম্পাদক মাহবুব খান।