অটিস্টিক শিশুদের জন্য সামাজিকভাবে দায়িত্ব নেওয়া জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিজমে আক্রান্ত শিশুদের বাবা-মা আর স্বজনদের কষ্ট, সংগ্রাম আর আনন্দের বিষয়গুলো শুধু তাঁরাই বুঝতে এবং অনুভব করতে পারেন। অন্যদের মধ্যে সহানুভূতি বা সমানুভূতি থাকলেও সত্যিকারভাবে ওই বিষয়গুলো বোঝা কঠিন। তাই এসব অনুভূতির কথা ভালোভাবে জানতে ওই সব শিশুর বাবা-মাদের নিয়ে গতকাল রোববার আয়োজন করা হয়েছিল ‘পরান কথা’ শিরোনামের রচনা প্রতিযোগিতা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনস্টিটিউট অব পেড্রিয়াটিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) এর আয়োজক। নবম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে এ আয়োজনে অভিভাবকেরা তুলে ধরেন শিশুদের নিয়ে তাঁদের দুঃখ, কষ্ট, সংগ্রাম, আনন্দ আর পরিবার ও সমাজে মুখোমুখি হওয়া নানা প্রতিকূলতার কথা।
বিএসএমএমইউর শহীদ ডা. মিলন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বলেন, অটিজম ও অন্যান্য স্নায়বিক রোগে আক্রান্ত বিশেষ শিশুদের সব বাধা অতিক্রম করে সঠিক পরিবেশ দিতে সামাজিকভাবে দায়িত্ব নেওয়ার বিষয়টি জরুরি। এসব অসাধারণ শিশুর প্রতি সহায়ক ভূমিকা পালনে সবার প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী জানালেন এসব রচনাকে নাটকে রূপান্তরের পরিকল্পনার কথা, যাতে সবার মধ্যে সচেতনতা তৈরি করা যায়।
‘পরান কথা’র অন্যতম বিচারক কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, এসব কষ্টের কথা নাটক, গল্প বা সাহিত্যে তুলে আনা বেশ কঠিন।
অনুষ্ঠানে ইপনার থিম সংয়ের ভিডিওচিত্র দেখানো হয়। নাট্যব্যক্তিত্ব শংকর সাঁওজালের রচিত গানটির সুর করেছেন বাপ্পা মজুমদার। গেয়েছেন বাপ্পা, কোনাল ও এলিটা। গানটির কথায় অটিস্টিক শিশুদের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়েছে।
বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ইপনার প্রকল্প পরিচালক অধ্যাপক শাহীন আকতার, বিএমএর মহাসচিব ডা. ইকবাল আর্সলান, কোরিয়ান আন্তর্জাতিক সাহায্য সংস্থার এদেশীয় পরিচালক হাং গিউ জু, শংকর সাঁওজাল প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে ইপনা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।