অটিস্টিক শিশুদের জীবনকে অর্থবহ করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটি। তখন প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে কিছুটা সময় ব্যয় করেন, ছবি তোলেন l ছবি: বাসস
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটি। তখন প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে কিছুটা সময় ব্যয় করেন, ছবি তোলেন l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অটিস্টিক শিশুরা সমাজে আর বোঝা হয়ে থাকবে না। তাদের মূল্যবান সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই। তাদের জীবনকে অর্থবহ করতে চাই। তারাও সমাজের অংশ।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অষ্টম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সমাজকল্যাণ, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় ওই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে নীল বাতি (অটিজমের রং) জ্বেলে দিবসের উদ্বোধন করেন। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা, একীভূত সমাজ গঠনে শুভ বারতা’।
অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মঞ্চে বসে ছিলেন, তখন আপনমনে মঞ্চের সামনে হাঁটতে শুরু করে একটি শিশু। বয়স ১৫ থেকে ১৬ বছর। পরনে নীল ফতুয়া। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যরা পড়েন বিপাকে। একজন এ নিয়ে কথা বলতে গেলে প্রধানমন্ত্রী বলেন, ‘ও হাঁটছে, ওকে হাঁটতে দাও।’
ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সুস্থ ক্রিকেটাররা বিশ্বকাপ জিতে আসতে না পারলেও স্পেশাল অলিম্পিকসে প্রতিবন্ধী খেলোয়াড়েরা জয়ী হয়ে ই ফিরবে। এর আগেও বেশ কয়েকবার তারা বিশেষ পদক অর্জন করে।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের ক্রীড়া প্রসারের লক্ষ্যে সরকার একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী তাঁর সরকারের হাতে নেওয়া অন্যান্য কার্যক্রমও তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর মেয়ে অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘অটিজম সম্পর্কে বাংলাদেশের মানুষ খুব একটা সচেতন ছিল না। আমার কন্যা পুতুল মানুষের মধ্যে অটিজম-সংক্রান্ত সচেতনতা সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। বলতে দ্বিধা নেই, তার কাছ থেকেই আমি অটিজম সম্পর্কে অনেক কিছু জেনেছি।’ পরে প্রধানমন্ত্রী অটিস্টিক শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং শিশুদের সঙ্গে ছবি তোলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। তিনি বক্তব্য শেষে ‘আমরা করব জয়’ গানটির কিছু অংশ গেয়ে শোনান। এ সময় প্রধানমন্ত্রীও মন্ত্রীর সঙ্গে ঠোঁট মেলান।
অনুষ্ঠানের ধন্যবাদ পর্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনও বক্তব্য শেষে গারো ভাষায় একটি গান গেয়ে শোনান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও ৩০ বছর বয়সী অটিস্টিক সন্তানের মা নাছিমা বেগম এতে স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঘোড়ার গাড়ি, সাজগোজ করা তিনটি হাতি—শের বাহাদুর, ধোলাই সুন্দরী ও ফুল সুন্দরীকে নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে বিজয় সরণিতে গিয়ে শেষ হয়।
আলোচনা সভা: বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গতকাল আলোচনা সভার আয়োজন করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। ইনস্টিটিউটের অধ্যাপক এম এ হামিদের সভাপতিত্বে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহিত কামাল, অধ্যাপক ফারুক আলম, সহযোগী অধ্যাপক খসরু পারভেজ চৌধুরী এবং সহযোগী অধ্যাপক মহাদেব চন্দ্র মণ্ডল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার আহসান উদ্দিন আহমেদ।
সেমিনার: দিবসটি উপলক্ষে সেমিনারের আয়োজন করে অ্যাপোলো হাসপাতাল ঢাকা। এতে বক্তব্য দেন হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের চিকিৎসক সারওয়ার জাহান ভূঁইয়া ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী।