অটিস্টিক শিশুদের দ্রুত শনাক্তকরণ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিস্টিক শিশুদের দ্রুত শনাক্ত করা জরুরি। তাঁদের সামাজিক দক্ষতা ও প্রশিক্ষণের ওপর নজর দিতে হবে। তারা যাতে অন্যের সাহায্য ছাড়া দৈনন্দিন কাজকর্ম করতে পারে, তার ওপর জোর দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার অটিজম-বিষয়ক এক কর্মশালায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা এসব বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা অটিস্টিক শিশুদের শনাক্তকরণে অভিভাবকদের সচেতনতা, চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের আন্তরিক প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন নামে একটি সেন্টারের উদ্বোধন করার কথা। এ উপলক্ষে দুই দিনব্যাপী ওই কর্মশালার আয়োজন করা হয়।ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা জানান, অটিজম হচ্ছে শিশুর বিকাশজনিত ডিজ্যাবিলিটি বা অসমর্থতা। গর্ভকালীন জটিলতাসহ বিভিন্ন সমস্যাকে এ জন্য দায়ী করা হলেও একক কোনো কারণ শনাক্ত করা সম্ভব হয়নি। অটিস্টিক শিশুরা সামাজিক যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে পিছিয়ে থাকে। তাই এ শিশুদের জন্য বিশেষ যত্নের প্রয়োজন।সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেনের কর্মসূচি সমন্বয়কারী পরিচালক শাহীন আখতার বলেন, অটিজম বিষয়টি সম্পর্কে মানুষের সচেতনতা তৈরি হচ্ছে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের একত্র করে বিষয়টি আরও স্পষ্ট করতেই এ কর্মশালার আয়োজন।কর্মশালায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ভারত ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা অটিজম ও এর শনাক্তকরণ পদ্ধতি, অটিস্টিক বা আচরণগত সমস্যাগ্রস্ত শিশুদের ব্যবস্থাপনা, বিভিন্ন দেশের সরকারের উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলী। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন।সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চং সেং চি অটিজম বিষয়ে গবেষণার পরিধি বাড়ানো, অভিভাবকদের শিক্ষিত করে তোলা ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। নয়াদিল্লি থেকে আসা অধ্যাপক মনজু মেহতা জানান, ভারতে অটিস্টিক শিশুদের সংখ্যা ও মাত্রা জানার জন্য জরিপ শুরু হয়েছে। ভারতের আরেক বিশেষজ্ঞ অসীমা নেহ্রা অটিস্টিক শিশুদের জন্য প্রযোজ্য স্পিচ, অকুপেশনাল, ইশরা ভাষা, ছবির ব্যবহারসহ বিভিন্ন পদ্ধতি বর্ণনা করেন। বাংলাদেশের জ্যেষ্ঠ শিশুমনোবিজ্ঞানী নার্সিস রহমান বলেন, শিশুর আচরণগত সমস্যা শিশু ও তার পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও গুণগত জীবনমানকে প্রভাবিত করে। তাই যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে শিশুর আচরণ নিয়ন্ত্রণ করতে হবে। কর্মশালায় ভারতের বিশেষজ্ঞ মেরি বড়ুয়া অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।