অটিস্টিক শিশুদের পাশে দাঁড়াতে বাংলাদেশের প্রস্তাব
গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন পুতুল বলেছেন, অটিজম আজ আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা দূরীকরণে পারিবারিক পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক মহলের বিশেষ মনোযোগই মূল হাতিয়ার। অটিস্টিক শিশু ও তার পরিবারের সহায়তায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব উত্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবরের বাসসের।‘অটিজম আক্রান্ত শিশু, তার পরিবারের জন্য আর্থসামাজিক সহায়তা’ শীর্ষক এই প্রস্তাব উত্থাপন উপলক্ষে গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ইকোসক চেম্বারে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন এতে সভাপতিত্ব করেন। সভায় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভুক জেরেমিচ, মহাসচিবের বিশেষ দূত ও সহকারী মহাসচিব শামসাদ আকতার, ইকোসকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুইস আলফন্সো ডি অ্যালবা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক জ্যাকব কুমারেসান, অটিজমকে স্বীকৃতি দেওয়ার চলমান আন্দোলন ‘অটিজম স্পিকস’র প্রতিষ্ঠাতা বব রাইট ও সুজান রাইট, জাতিসংঘে ফিলিপাইনের স্থায়ী প্রতিনিধি লিব্রান এন ক্যাবাকতুলানসহ আরও অনেকে বক্তব্য দেন।উত্থাপিত প্রস্তাবে জাতিসংঘের প্রায় সব দেশ সমর্থন দেবে বলে আশা প্রকাশ করেন এ কে আবদুল মোমেন।