অটিস্টিক শিশুদের পাশে দাঁড়াতে সাইমা ওয়াজেদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধিতা বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ হোসেন অটিস্টিক শিশুদের পাশে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার ঢাকা ক্যান্টনমেন্টে সেনাবাহিনী পরিচালিত বিশেষায়িত প্রতিষ্ঠান ‘প্রয়াস’ পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান।সাইমা ওয়াজেদ ‘অটিজম স্পিকস’-এর বাংলাদেশ প্রতিনিধি এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্কুল সাইকোলজিস্ট ইউএসএর সদস্য। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টার স্ত্রী বেগম শাহিন সিদ্দিক, প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সেনাবাহিনী প্রধানের স্ত্রী সৈয়দা শরিফা মুবীন, নৌবাহিনী প্রধানের স্ত্রী বেগম শাবনাম আহমেদ, বিমান বাহিনী প্রধানের স্ত্রী বেগম শামীমা জিয়া, প্রতিষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শারাফাত হোসেন, অধ্যক্ষ লে. কর্নেল মো. ফখরুল আহসান এবং এর অন্য সদস্যরা প্রয়াসের পক্ষ থেকে তাঁকে অভ্যর্থনা জানান।সাইমা ওয়াজেদ শ্রেণীকক্ষ ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছু সময় কাটান। তিনি শিশুদের মানসিক বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।২০০৬ সালের ১৮ জুলাই যাত্রা শুরু করে প্রয়াস। প্রতিষ্ঠানটিতে ২০০৯ থেকে বেসামরিক ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। বর্তমানে ১৫৯ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪৩ শতাংশই বেসামরিক নাগরিকের সন্তান। চার মাস পরপর ছাত্রছাত্রীদের অগ্রগতি মূল্যায়ন করে অভিভাবক দিবস অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাদের রিপোর্ট কার্ড দেওয়া হয়। এ ছাড়া দুই মাস পরপর শিক্ষক-অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। এখানে আছে বৃত্তিমূলক (ভোকেশনাল) শাখা এবং প্রাক-কৈশোর কর্মসূচি যা বাংলাদেশের অন্য যেকোনো প্রতিষ্ঠানের জন্য একটি আদর্শ মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ছাত্রছাত্রীদের যথোপযুক্ত মানসিক বিকাশের জন্য নিয়মিত সংগীত, নৃত্য ও শিল্পকলা কার্যক্রম পরিচালিত হয়। এ ছাড়া শিশুদের সার্বিক বিকাশের জন্য প্রয়াসে নিয়োজিত আছেন অকুপেশনাল থেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট এবং প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা, প্রশিক্ষক ও শ্রেণী সহকারী। আইএসপিআর ও বাসস।