অটিস্টিক শিশুদের পাশে দাঁড়ানোর দায়িত্ব সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকার এলজিইডি মিলনায়তনে গতকাল বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে অটিস্টিক শিশুরা l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকার এলজিইডি মিলনায়তনে গতকাল বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে অটিস্টিক শিশুরা l ছবি: প্রথম আলো

অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়, সঠিকভাবে তাদের পরিচর্যা করা হলে দেশ ও সমাজের জন্য তারা অবদান রাখতে পারবে। এই শিশুদের প্রয়োজন বাড়তি যত্ন ও সহযোগিতা। পরিবারের সদস্য থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষ ও রাষ্ট্রের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
নগরের এলজিইডি ভবনের মিলনায়তনে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অটিজম নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংগঠন অনুষ্ঠানে সহযোগিতা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী, আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, দিদারুল ইসলাম, ওয়াসিকা আয়শা খান ও সাবিহা নাহার বেগম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘একসময় আমাদের দেশে অটিজম সমস্যাকে তেমন গুরুত্বের সঙ্গে দেখা হতো না। কিন্তু বর্তমান সরকার এ বিষয়টিকে অনেক গুরুত্ব দিচ্ছে। ঢাকার পূর্বাচলে ন্যাশনাল অটিজম একাডেমি করার জন্য জায়গা দেওয়া হয়েছে। চট্টগ্রামেও এ রকম একটি একাডেমি করার জন্য জায়গা দেওয়া হবে। অটিস্টিক শিশুদের অনেকেই খুব মেধাবী। তাদের নিয়মিত পরিচর্যা করতে হবে।’
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ (পুতুল) অটিজম বিষয়ে সচেতনতা তৈরিতে দেশে-বিদেশে পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে অটিজম সম্পর্কে সচেতনতা আন্দোলন অন্য উচ্চতা পেয়েছে।
মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, অটিস্টিক শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা প্রয়োজন। সিটি করপোরেশনের স্কুলগুলোতে প্রতিবন্ধী শিশুদের জন্য কোটা রাখা হবে। এ ছাড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে অটিস্টিক শিশুদের জন্য আলাদা একটি স্কুল করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে অটিস্টিক শিশুদের পক্ষে বক্তব্য দেয় অটিস্টিক চিলড্রেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন স্কুলের শিক্ষার্থী অর্ণব চক্রবর্তী (১৪)। অর্ণব বলে, ‘আমি সাত বছর বয়সে স্কুলে ভর্তি হই। আজকে আমি গান, কবিতা, ড্রয়িং, প্রাথমিক স্তরের পড়াশোনা যা কিছু পারি, আগে সেগুলো পারতাম না। এমনকি আমি কথাও বলতে পারতাম না। যাদের অটিজম আছে, সমাজের সকল স্তরের মানুষ তাদের অবহেলা না করে সঠিকভাবে পরিচর্যা করলে একদিন তারাও আমার মতো হতে পারবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বন্দনা দাশ, ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ ও এডুকেশনের ভাইস চেয়ারম্যান ফাহমিদা ইসলাম চৌধুরী, চিকিৎসক বাসনা মুহুরী, রোটারিয়ান এ বি এম ওদুদউল্লাহ প্রমুখ।
বক্তারা বিদ্যালয়গুলোতে অটিস্টিক শিশুদের জন্য উপযুক্ত ও সহায়ক পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ ধরনের শিশুদের যার যে বিষয়ে ঝোঁক, সে বিষয়ে বিশেষ পরিচর্যার কথা বলেন তাঁরা।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অটিস্টিক শিশুরা গান ও নাচ পরিবেশন করে।