অটিস্টিক শিশুদের প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ শিশুদের মতোই দৌড় প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজোসহ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিল দুই শতাধিক অটিস্টিক শিশু। গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।
ওই ফাউন্ডেশনের সদস্য ও রানার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হাফিজুর রহমান সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অটিস্টিক শিশুরা একটু বাড়তি যত্ন ও পরিচর্যা পেলে অন্যের সাহায্য ছাড়াই চলার যোগ্য হয়ে ওঠে।
বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক উল ইসলাম বলেন, অটিস্টিক শিশুদের প্রতি অবহেলা নয়, তাদের সঙ্গে স্বাভাবিক শিশুদের মতোই আচরণ করতে হবে।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় ২০৫ জন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে ১৬৫ জন শিক্ষার্থী অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের।
প্রতিযোগিতার প্রথম পর্বের শুরুতে শরীরচর্চা প্রদর্শন করে শিক্ষার্থীরা। এরপর ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানসহ কয়েকটি গানের সঙ্গে মনোজ্ঞ অঙ্গভঙ্গিতে নানা চিত্র ফুটিয়ে তোলে। বিকেলে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতাসহ আরও কয়েকটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।