অটিস্টিক শিশুদের বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটিজম বিদ্যালয় ইউনিক গিফট ফাউন্ডেশনে লেখাপড়া করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
অটিজম বিদ্যালয় ইউনিক গিফট ফাউন্ডেশনে লেখাপড়া করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুর উপজেলার চাঁদনগরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (অটিজমে আক্রান্ত) জন্য একটি বিদ্যালয় গড়ে তোলা হয়েছে। ইউনিক গিফট ফাউন্ডেশন নামে পরিচালিত এ প্রতিষ্ঠান এলাকায় সাড়া ফেলেছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তৌহিদা সুলতানা বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এখানে পড়াশোনার পাশাপাশি চিকিৎসাসেবাও পাচ্ছে শিশুরা।

অটিজমে আক্রান্ত শিশুরা নাম ধরে ডাকলে সাড়া দেয় না, চোখে চোখ রেখে তাকায় না, সমবয়সীদের সঙ্গে মেশে না, একসঙ্গে খেলে না, নিজের জগতে থাকে, হঠাৎ করে রেগে যায়, চিৎকার করে, মাথায় আঘাত করে, নিয়ম মেনে চলতে পছন্দ করে ও একই রকম খেলা বারবার খেলে। এ ধরনের শিশুদের জন্য সৈয়দপুরের সন্তান তৌহিদা সুলতানা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের মেয়ে ও প্রকল্প ব্যবস্থাপক তামান্না রেজা বলেন, মায়ের এক নিকটাত্মীয়ের অটিজমে আক্রান্ত শিশুর দুঃখ-দুর্দশা দেখে প্রতিষ্ঠানটি গড়ে তোলার ব্যাপারে উদ্যোগী হন।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, তৌহিদা সুলতানা ২০১৪ সালে ঢাকার বসুন্ধরায় অটিজমে আক্রান্ত শিশুদের জন্য একটি বিদ্যালয় গড়ে তোলেন। গত জানুয়ারিতে তিনি সৈয়দপুরে এটির শাখা খোলেন। বর্তমানে এখানে অর্ধশতাধিক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি ফিজিওথেরাপি নিচ্ছে। এসব শিক্ষার্থী আর পরিবারের বোঝা নয়—সেভাবে তৈরি করা হচ্ছে। ফাউন্ডেশনে বর্তমানে ১৫ জন শিক্ষক রয়েছেন। তাঁরা তিন পালায় শিশুদের হাতেকলমে শিক্ষা দিচ্ছেন। কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ৯ জন। এখানে ভর্তির জন্য ৬ হাজার এবং মাসে ১ হাজার করে টাকা নেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীর পেছনে প্রতিষ্ঠান থেকে মাসে ৮ হাজার করে টাকা ভর্তুকি দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির শিক্ষিকা রায়হাতুন জান্নাত, সোহানা, নাইমা সুলতানা, রুমন রশীদ চৌধুরী ও রাবেয়া বাঁশরী বলেন, এখানে অটিজমে আক্রান্ত শিশুদের নৈতিক আচার-আচরণ ও সামাজিকতা শিক্ষা দেওয়া হচ্ছে। নৃত্য ও সংগীতের মাধ্যমে প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের যোগ্যতা অনুসারে বিশেষ শিক্ষা, সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষা—এভাবে স্বতন্ত্র কারিকুলামে পাঠদান করানো হচ্ছে।

প্রকল্পটির ব্যবস্থাপক শেখ রোবায়েতুর রহমান বলেন, ভর্তির সময় যে শিশু চিমটি কাটত, থুতু দিত, তারা এখন সুন্দরভাবে সমাজে খাপ খাওয়ার জন্য তৈরি হচ্ছে। এখন তারা রং চিনতে পারছে, সমবয়সীদের সঙ্গে মেলবন্ধন সৃষ্টি হয়েছে। খাবার ভাগাভাগি করে খাচ্ছে। কেউবা ব্যাট হাতে ক্রিকেট খেলছে।