অটিস্টিক শিশুদের সম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেছেন, অটিজম শিশুদের নিয়ে অনেক পথ হাঁটতে হবে। এসব শিশুকে বোঝা হিসেবে না দেখে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অটিজম দিবস উপলক্ষে আয়োজিত ‘আমাদের অসাধারণ শিশুরা’ শীর্ষক বিনোদনমূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অটিস্টিক শিশুদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে বিএসএমএমইউয়ের সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন।অনুষ্ঠানে রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক তাঁর অটিস্টিক ভাইকে নিয়ে সংগীত পরিবেশন করেন। শিল্পী নকীব খান ও পার্থ বড়ুয়া শিশুদের গান গেয়ে শোনান। এ সময় ফারহাদ নামের এক শিশু অকস্মাৎ মঞ্চে উঠে ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে‘ গানটি গাইতে শুরু করে। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের বলেন, অটিস্টিক শিশুরা অসাধারণ। ভালোবাসা ও সঠিক নির্দেশনা পেলে তারা অনেক কিছু করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, ‘শিশুদের বিকাশে বিনোদনের বিকল্প নেই। এদের সমাজের মূলধারায় নিয়ে আসার দায়িত্ব আমাদের সবার।’গতকাল মূল আকর্ষণ ছিল শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্র টুকটুকি, হালুম, শেখুর গানের সঙ্গে নাচ। এ সময় উপস্থিত শিশুরা এদের সঙ্গে গান গায়, নাচে। এতে অনুষ্ঠানের পরিবেশে নতুন মাত্রা যোগ হয়।দেশ টিভির আয়োজনে ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানে গান গেয়ে নকীব খান ও পার্থ বড়ুয়া ২৫ লাখ টাকা পেয়েছিলেন। ওই টাকা তাঁরা গতকাল সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেনকে দেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংসদ বেবী মওদুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা যাকের, সেন্টারের কর্মসূচি সমন্বয়ক শাহীন আখতার প্রমুখ।