অটিস্টিক শিশুর আস্থা অর্জন জরুরি: স্টিফেন শোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিজম বিশেষজ্ঞ ড. স্টিফেন শোর বলেছেন, অটিস্টিক শিশুর ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়ার আগে তার আস্থা ও বিশ্বাস অর্জন জরুরি। একজন অটিস্টিক শিশু সার্থক জীবনযাপন করবে, এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, বরং সেটাই বাস্তবতা।
গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ‘ড. স্টিফেন-এর পথযাত্রা শিখন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে স্টিফেন শোর এ কথা বলেন। অটিজম নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এটি আয়োজনে সহায়তা করে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। অনুষ্ঠানে বেশ কয়েকজন অটিস্টিক শিশু তাদের মা-বাবার সঙ্গে উপস্থিত ছিল।
স্টিফেন শোর নিজে অটিস্টিক। ১৮ মাস বয়সে তাঁর অটিজম ধরা পড়ে। যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেওয়া স্টিফেন শোর এখন অ্যাডেলফি বিশ্ববিদ্যালয়ের বিশেষ শিক্ষার সহযোগী অধ্যাপক। তিনি বলেন, প্রত্যেক অটিস্টিক শিশুর বিশেষ কিছু করার শক্তি থাকে, আগ্রহ থাকে। একই সঙ্গে কিছু সমস্যা ও চ্যালেঞ্জ থাকে। সেই শক্তিকে চিহ্নিত করা দরকার।
নিজের শৈশব, কৈশোর ও যৌবনের গল্প শোনান এই অটিজম বিশেষজ্ঞ। প্রায় ৫৫ বছর আগে তাঁর অস্বাভাবিকতা নিয়ে বাবা-মা চিকিৎসকের কাছে গেলে চিকিৎসকেরা পরামর্শ দিয়েছিলেন তাঁকে রাষ্ট্রের হাতে তুলে দিতে। মা-বাবা তা করেননি। নিজেরা ছেলেকে বোঝার চেষ্টা করেছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে স্টিফেন শোর পরিচিতি তুলে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সূচনা ফাউন্ডেশনের ভাইস চেয়ার অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। তিনি বলেন, অটিস্টিক শিশুর প্রতি মনোযোগ দিতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে, তাকে তার প্রয়োজনীয় শিক্ষা দিতে হবে।
শুরুতে স্টিফেন শোর বলেন, অটিস্টিক শিশুদের অতিমাত্রায় মনোযোগী হওয়ার বৈশিষ্ট্য থাকে। সাধারণ মানুষ একটি ছবির পুরোটাই দেখে। অটিস্টিক শিশু ছবিটির একটি বিশেষ অংশ দেখে। এরপর তিনি পর্দায় একই ধরনের দুটি ছবি দিয়ে ছবির সূক্ষ্ম পার্থক্য চিহ্নিত করতে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। অতি দ্রুততার সঙ্গে পার্থক্য প্রথম চিহ্নিত করে একটি অটিস্টিক শিশু।
প্রথম অধিবেশনের শেষ পর্যায়ে অনেক বাবা-মা প্রশ্নের মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান জানতে চান। বিকেলে দ্বিতীয় অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অটিস্টিক শিশুদের স্কুলের শিক্ষকদের উদ্দেশে বক্তব্য দেন স্টিফেন শোর।