অটিস্টিক শিশুরা দেশের সম্পদ : স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অটিস্টিক শিশুরা বাংলাদেশের সম্পদ। এসব শিশুর কল্যাণের কথা বলে মুনাফার লোভে যেন কোনো প্রতিষ্ঠান গড়ে না ওঠে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষজ্ঞ চিকিৎসক, অটিজম নিয়ে কাজ করে এমন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, অটিস্টিক শিশুদের মা ও অভিভাবক এবং সাংবাদিকেরা অংশ নেন।
মূল উপস্থাপনায় ইপনার প্রকল্প পরিচালক শাহীন আখতার বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ও দেশে বেশ কিছু জরিপে দেখা গেছে, অটিস্টিক শিশুদের সংখ্যা বা হার বাড়ছে। ২০১৪-১৫ সালের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জরিপে দেখা গেছে, বাংলাদেশের প্রতিবন্ধীর সংখ্যা ১৪ লাখ ৮২ হাজার। এর মধ্যে ২ দশমিক ৯ শতাংশ অটিস্টিক। যুক্তরাষ্ট্রে সিডিসির এক জরিপে দেখা গেছে, জন্ম নেওয়া ৬৮টি শিশুর মধ্যে একটি অটিস্টিক। মেয়ে শিশুর তুলনায় অটিজম ছেলে শিশুদের মধ্যে চার গুণ বেশি।
শাহীন আখতার স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে অটিস্টিক শিশুদের নিয়ে যেসব বিষদ পরিকল্পনা হাতে নিয়েছে তা তুলে ধরেন।
অনুষ্ঠানে একাধিক মা তাঁদের শিশুদের নিয়ে কোন ধরনের সামাজিক ও অর্থনৈতিক সমস্যার মধ্যে আছেন, তার বর্ণনা দেন। একাধিক আলোচক বলেন, অটিস্টিক কিশোর-কিশোরী বা বয়স্ক অটিস্টিকদের নিয়ে বিশেষ কোনো আলোচনা হয় না। এদের সংখ্যাও অনেক। মা-বাবা দুশ্চিন্তায় থাকেন তাঁরা মারা গেলে অটিস্টিক সন্তানদের কে দেখাশোনা করবেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, অভিভাবকহীন অটিস্টিক নাগরিকদের দায়িত্ব নেবে রাষ্ট্র। একাধিক বক্তা প্রধানমন্ত্রীর এই বক্তব্য ও সদিচ্ছার প্রশংসা করেন।
সূচনার সেক্রেটারি জেনারেল মাজহারুল মান্নান বলেন, অনেক উদ্যোগ নেওয়ার পরও অটিস্টিক শিশুদের ব্যাপারে সমাজের দৃষ্টিভঙ্গি খুব একটা বদলায়নি। তিনি বলেন, ‘অনেকেই অটিস্টিক শিশুদের নিয়ে সামাজিক অনুষ্ঠানে যেতে চান না। সামাজিক অনুষ্ঠানে অনেকেই শিশুদের পাশে বসতে চান না। কোনো অনুষ্ঠানে বা মার্কেটে অটিস্টিক শিশুদের নিয়ে কোনো অভিভাবক বিপদে পড়লে অন্যরা এগিয়ে আসেন না।’
অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, অটিজম নিয়ে সাধারণত দিবস, অনুষ্ঠান বা ইভেন্টভিত্তিক রিপোর্ট হয়। এ ক্ষেত্রে অনুসন্ধানী রিপোর্ট খুব কম হয়। এর একটি প্রধান কারণ অটিজম নিয়ে সাংবাদিকদের ভেতরে স্পষ্ট ধারণা নেই। সাংবাদিকদের পক্ষ থেকে অটিজম নিয়ে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের প্রস্তাব করা হয়।