অটিস্টিক শিশুরা মা-বাবাকে সাহসী করে তোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক কর্মশালায় বক্তারা বলেছেন, অটিজম নিয়ে সমাজে সচেতনতার ঘাটতি আছে। অনুষ্ঠানে একজন মা বলেছেন, অটিস্টিক শিশু মা-বাবাকে সাহসী করে তোলে। আর একজন সরকারি কর্মকর্তা বলেছেন, অটিস্টিক শিশুর মায়েরা মানসিক সমস্যায় ভোগেন।
গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সাসাকাওয়া মিলনায়তনে অটিস্টিক শিশুদের অভিভাবকদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। আইসিডিডিআরবি ও বেসরকারি প্রতিষ্ঠান ফেইথ বাংলাদেশ দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার শুরুতে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ অধ্যাপক শারমিন ইয়াসমীন বলেন, তাঁর ২০ বছরের ছেলেটি অটিস্টিক। ২০০২ সালে ছেলের অটিজম শনাক্ত হয়। সেই সময় অটিজম সম্পর্কে মানুষ প্রায় অন্ধকারে ছিল, সমাজ সচেতন ছিল না। ছেলের অটিজমের কথা জানার পর মৃত্যুভয়ের মতো মনে হয়েছিল। তিনি বলেন, ‘সন্তান অটিস্টিক হলে হীনম্মন্যতায় ভুগবেন না। আমার ছেলে আমাকে সাহসী করে তুলেছে।’ তিনি উপস্থিত সবাইকে অটিস্টিক সন্তানকে নিয়ে আত্মীয়বাড়ি, বাজারসহ বিভিন্ন স্থানে নিয়ে ঘুরে বেড়ানোর অনুরোধ করেন।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক মোহাম্মদ ফারুক আলম বলেন, গর্ভাবস্থায় মায়ের যত্ন নিলে, হাসপাতাল বা ক্লিনিকে প্রসব হলে অটিস্টিক শিশু জন্ম নেওয়ার ঝুঁকি কম থাকে। সরকারি মানসিক হাসপাতালে অটিজম নির্ণয় ও অটিস্টিক শিশুদের চিকিৎসা দেওয়া হয়। তবে সব চিকিৎসা সন্তোষজনকভাবে কার্যকর নয়।
অটিজম নিয়ে সরকার কী করছে তার বর্ণনা দেন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ফারুক আহম্মেদ ভূঁইয়া। তিনি বলেন, অটিজম বিষয়ে সরকারের নীতি আছে, জাতীয়ভাবে কর্মকৌশলও আছে। মানসিক স্বাস্থ্যবিষয়ক পরিসংখ্যান উদ্ধৃত করে তিনি বলেন, অটিস্টিক বাচ্চা আছে এমন অনেক মা মানসিক সমস্যায় ভোগেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু মোহাম্মদ ইউসুফ বলেন, অটিস্টিক শিশুদের কীভাবে আন্তর্জাতিক মানের সেবা দেওয়া যায় সরকার সে চেষ্টা করছে।
আলোচনায় অংশ নিয়ে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন রওনক হাফিজ বলেন, সব অটিস্টিক শিশুর ব্যবস্থাপনা একই হবে না। অটিজম ওষুধ খেয়ে দ্রুত নিরাময় করার বিষয় নয়।
আইসিডিডিআরবির কারিগরি প্রশিক্ষণ শাখার প্রধান আফতাব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেইথ বাংলাদেশের সভাপতি নিলুফার আহমেদ করিম।