অটিস্টিকদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সায়মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের ইকোসক চেম্বারে আয়োজিত ‘বিশ্ব অটিজম সম্প্রদায়ের জন্য বিজ্ঞান, সহযোগিতা ও উত্তর’ বিষয়ক আলোচনায় বক্তব্য দেন সায়মা ওয়াজেদ হোসেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজেন্য
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের ইকোসক চেম্বারে আয়োজিত ‘বিশ্ব অটিজম সম্প্রদায়ের জন্য বিজ্ঞান, সহযোগিতা ও উত্তর’ বিষয়ক আলোচনায় বক্তব্য দেন সায়মা ওয়াজেদ হোসেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজেন্য

বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক সেবাসহ প্রতিটি খাতে অটিস্টিকদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে। তাহলেই অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন সম্ভব হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের ইকোসক চেম্বারে আয়োজিত ‘বিশ্ব অটিজম সম্প্রদায়ের জন্য বিজ্ঞান, সহযোগিতা ও উত্তর’ বিষয়ক আলোচনায় সায়মা এসব কথা বলেন।
উন্নয়নশীল বিশ্বে অটিজম মোকাবিলায় গোঁড়ামি ও কুসংস্কার সীমিত সেবা, সেবাদানকারীদের মানসম্পন্ন প্রশিক্ষণের অভাব এবং সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতাকে চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন সায়মা হোসেন। ‘উন্নয়নশীল দেশগুলোতে অটিজমের বহুমাত্রিক কৌশল’ শীর্ষক পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় তিনি বলেন, ২০১১ সালে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় সম্মেলনের মধ্য দিয়ে অটিজম সচেতনতা ও সেবা নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। তিনি বলেন, অটিজম-বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি, জাতীয় পরামর্শক কমিটি এবং কারিগরি নির্দেশক কমিটির মাধ্যমে সমন্বিতভাবে অটিজম সচেতনতা, দ্রুত চিহ্নিতকরণ, সেবা ও পুনর্বাসন করা হচ্ছে। এ জন্য ১৩টি মন্ত্রণালয় একযোগে কাজ করছে। চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা মোকাবিলায় টেকসই কৌশল করে সমন্বিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
সায়মা হোসেন বলেন, বাংলাদেশে সাতটি খাতে কর্মকৌশল বাস্তবায়ন করা হচ্ছে। এগুলো হচ্ছে-মা-বাবাকে ক্ষমতাবান ও শিক্ষিত করা; নীতি ও আইনগত কাঠামো চিহ্নিত করা; সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি সংস্থা ও মা-বাবার সঙ্গে সহযোগিতা সমন্বয় করা; দক্ষ পেশাজীবী গড়ে তোলা ও অধিকতর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সামর্থ্য বাড়ানো; প্রচলিত জনস্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান প্রশিক্ষণের সঙ্গে অটিজমকে সম্পৃক্ত করা; দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অন্তর্ভুক্ত করা এবং সার্বক্ষণিক মনিটরিং ও গবেষণা। তিনি বলেন, এ বিশাল কর্মযজ্ঞ সম্পাদনে ছয় স্তরে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। যেখানে কমিউনিটি স্বাস্থ্য কর্মীদের থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ও ব্যবসা-শিল্প প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হয়েছে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন এবং কাতারের স্থায়ী প্রতিনিধি আলিয়া আহমেদ আল-যানীর সঞ্চালনায় এ আলোচনা অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের স্ত্রী বান সুনতেক, মহাসচিবের বিশেষ উপদেষ্টা আমিনা মোহাম্মদ, অটিজম স্পিকসের সহ-প্রতিষ্ঠাতা সুজান রাইট, ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখার্জীসহ বিভিন্ন দেশের কূটনীতিক, বহুজাতিক কোম্পানির নির্বাহী বক্তৃতা করেন। দিনব্যাপী ওই কর্মশালায় উদ্বোধনী ভাষণ দেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।