অটিস্টিকদের জন্য আরও সহযোগিতা প্রয়োজন
আবীর ঠিক আর দশটা শিশুর মতো নয়। নাম জানতে চাইলে সে নিজে বুঝে প্রশ্নের জবাব দিতে পারেনি। শিক্ষকের সহায়তা লাগে। তবে শিক্ষক বলে দিলে সালাম দেওয়া বা বিদায় জানানোর মতো কাজ ঠিকমতোই করতে পারে। আবীরের মতোই ১২ বছরের পশলা। তার আঁকা ছবি ক্যালেন্ডারে ছাপা হয়েছে। পশলা গান গাইতে পারে। পড়াশোনাতেও ভালো। কিন্তু ‘সাধারণ’ স্কুলে ভর্তি করতে ভয় পাচ্ছেন তার অভিভাবকেরা। কেননা একটি নামী স্কুলে ভর্তি করা হলে ‘পাগল-ছাগল’ বলে অন্য শিশুদের অভিভাবকদের চাপে পশলাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল।আবীর ও পশলা অটিজমে আক্রান্ত শিশু। রাজধানীর মোহাম্মদপুরে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আওতায় সামাজিক যোগাযোগ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে তারা।অটিজম হচ্ছে শিশুর বিকাশজনিত অসমর্থতা। গর্ভকালীন জটিলতাসহ বিভিন্ন সমস্যাকে এ জন্য দায়ী করা হলেও একক কোনো কারণ শনাক্ত করা সম্ভব হয়নি। অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন রওনাক হাফিজ বলেন, অটিজম বিষয়ে বর্তমানে সরকার ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। তবে সার্বিকভাবে সমাজ বা রাষ্ট্রে যে পর্যায়ে সচেতনতা দরকার, তা হয়নি। প্রতিষ্ঠান চলছে নিজস্ব নিয়মে: রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠান অটিস্টিকদের সেবা ও প্রশিক্ষণ দিয়ে থাকে। সেগুনবাগিচায় ‘অর্গানাইজেশন ফর চিলড্রেন কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট’ (অরকিড) নামের একটি প্রতিষ্ঠান অটিস্টিক এবং বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্তদের স্বাস্থ্যসেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান উম্মে কুলসুম কলি প্রথম আলোকে বলেন, অটিস্টিক শিশুর জন্য সার্বক্ষণিক স্পেশাল ট্রেনিং, আলাদা পরিবেশ বা আলাদা জগত্ তৈরির প্রয়োজন নেই। স্বাভাবিক পরিবেশে মনোবৈজ্ঞানিক চিকিত্সা দিলেই সে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম।তবে আরেকটি প্রতিষ্ঠান ‘সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন’-এর (সোয়াক) অধ্যক্ষ সাবিনা হোসেন এর সঙ্গে ভিন্নমত পোষণ করেন। সাবিনা হোসেন নিজের অভিজ্ঞতা থেকে বলেন, যুক্তরাজ্যে তাঁর অটিস্টিক ছেলেকে একটি বিশেষ স্কুলে ১৪ বছর পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সোয়াক, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি ফি ১২ হাজার থেকে শুরু করে ১৫ হাজার এবং মাসিক ফি চার হাজার টাকার মধ্যে। অরকিডে ভর্তি ফি এক লাখ টাকা, মাসিক ফি তিন হাজার টাকা। এর বাইরে অভিভাবকদের কিছু জানার থাকলে ৫০০ টাকা ভিজিট দিয়ে কথা বলতে হয়। এসব বিশেষ প্রতিষ্ঠানের জন্য নীতিমালা প্রসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) প্রথম আলোকে জানান, প্রতিবন্ধীদের জন্য সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা করা হচ্ছে, সেখানে এসব স্কুলের নিয়মনীতির কথা বলা আছে।সরকারি উদ্যোগ সীমিত: গত বছরের জানুয়ারি মাসে ঢাকায় অটিজমবিষয়ক এক সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ জানিয়েছিলেন, সরকার খুব শিগগির অটিস্টিক শিশুদের জন্য একটি কর্মকৌশল প্রণয়ন করবে। গত এক বছর সরকারের বিভিন্ন প্রতিনিধি অটিস্টিক শিশুদের নিয়ে জরিপ করা এবং তাদের জন্য আবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি।