অটিস্টিকদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

অটিস্টিক শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যারা অটিজমে ভুগছে, তাদের অবহেলা করবেন না। তারা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। অনেক সুস্থ মানুষ যা পারে না, সেই সুপ্ত প্রতিভা তাদের রয়েছে। আমাদেরই সেই সুপ্ত প্রতিভাগুলো বিকশিত করার সুযোগ করে দিতে হবে। আর সমাজে তাদের একটা সুন্দর স্থান করে দিতে হবে।’
আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশসহ সারা বিশ্বে আজকের দিনটি অটিজম সচেতনতা দিবস হিসেবে ‘নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে। অটিজমে আক্রান্ত এবং প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ২ এপ্রিলকে সর্বসম্মতভাবে অটিজম সচেতনতা দিবস হিসেবে ঘোষণা করে।
সুস্থ মানুষকে যেভাবে সহযোগিতা করা হচ্ছে, তেমনি যারা প্রতিবন্ধী এবং অটিজমে ভুগছে, তাদের প্রতি সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের পাশে দাঁড়াতে হবে। কারণ, এটা তাদের জন্মের কোনো দোষ নয়, আল্লাহ তো মানুষকে বিভিন্নভাবেই সৃষ্টি করেন। কাজেই সেটাকে অবহেলার চোখে দেখা ঠিক নয়। তাই সমাজের সচেতনতা একান্তভাবেই প্রয়োজনীয়।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা চইছি অভিভাবক এবং শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে। যাতে তারা আচার আচরণ, কথা বলা ইত্যাদির মাধ্যমে অটিস্টিকদের সুস্থ করতে ভূমিকা রাখতে পারেন।’
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন প্রমুখ। সমাজকল্যাণসচিব জিল্লার রহমান স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার স্বীকৃতিস্বরূপ অটিজমে আক্রান্ত তিনজনকে এবং অটিজম সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন।
অটিজমে আক্রান্ত ব্যক্তিদের পক্ষে নবম শ্রেণির ছাত্রী ইসাবা হাফিজ বক্তব্য দেয়।
পরে প্রধানমন্ত্রী ইসাবা হাফিজের বঞ্চনার কথা উল্লেখ করে বলেন, ‘আমি যখন ইসাবার বক্তৃতা শুনছিলাম, তখন খুব কষ্ট হচ্ছিল। এই মানসিকতা পরিবর্তন করে সবাইকে বরং আরও সংবেদনশীল হয়ে, আরও সহানুভূতিশীল হয়ে এদের (অটিজমে আক্রান্তদের) আদর-ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতে হবে। আর তাদের মাঝে যে সুপ্ত প্রতিভা রয়েছে, সেই সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে হবে।’