
বাংলাদেশের অটিজমবিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক সেবাসহ প্রতিটি খাতে অটিস্টিকদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে। তাহলেই অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন সম্ভব হবে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের ইকোসক চেম্বারে আয়োজিত ‘বিশ্ব অটিজম সম্প্রদায়ের জন্য বিজ্ঞান, সহযোগিতা ও উত্তর’বিষয়ক আলোচনায় সায়মা এসব কথা বলেন। খবর বাসসের।
উন্নয়নশীল বিশ্বে অটিজম মোকাবিলায় গোঁড়ামি ও কুসংস্কার, সীমিত সেবা, সেবাদানকারীদের মানসম্পন্ন প্রশিক্ষণের অভাব এবং সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতাকে চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন সায়মা হোসেন। ‘উন্নয়নশীল দেশগুলোতে অটিজমের বহুমাত্রিক কৌশল’ শীর্ষক পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় তিনি বলেন, ২০১১ সালে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় সম্মেলনের মধ্য দিয়ে অটিজম সচেতনতা ও সেবা নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। তিনি বলেন, অটিজমবিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি, জাতীয় পরামর্শক কমিটি এবং কারিগরি নির্দেশক কমিটির মাধ্যমে সমন্বিতভাবে অটিজম সচেতনতা, দ্রুত চিহ্নিতকরণ, সেবা ও পুনর্বাসন করা হচ্ছে। এ জন্য ১৩টি মন্ত্রণালয় একযোগে কাজ করছে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন এবং কাতারের স্থায়ী প্রতিনিধি আলিয়া আহমেদ আল-যানীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের স্ত্রী বান সুনতেক, মহাসচিবের বিশেষ উপদেষ্টা আমিনা মোহাম্মদ, অটিজম স্পিকসের সহপ্রতিষ্ঠাতা সুজান রাইট, ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখার্জিসহ বিভিন্ন দেশের কূটনীতিক, বহুজাতিক কোম্পানির নির্বাহী বক্তৃতা করেন। ওই কর্মশালায় উদ্বোধনী ভাষণ দেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।