অটোচালক ও মালিকদের সড়ক অবরোধে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সিএনজি স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় বাড়ানোর দাবিতে এবং পুলিশি হয়রানির প্রতিবাদে সিএনজিচালিত অটোরিকশার চালক ও মালিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
গতকাল শুক্রবার তাঁরা গৌরীপুর-হোমনা-বাঞ্ছারামপুর, হোমনা-মুরাদনগর, হোমনা-মেঘনা ও পেন্নাই-মতলব-বাবুরহাট সড়কে এ কর্মসূচি পালন করেন। অবরোধের কারণে এসব সড়কের বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
অটোরিকশার চালক ও মালিক সূত্রে জানা যায়, কুমিল্লার দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, চাঁদপুরের মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার প্রায় ২০ হাজার অটোরিকশা দাউদকান্দির গৌরীপুর-সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশের দুটি সিএনজি স্টেশন থেকে গ্যাস নেয়। এসব সিএনজিকে সরকারের নির্ধারিত সকাল ছয়টা-আটটা সময়ের মধ্যে গ্যাস নিতে হয়। এই সময়ের একটু হেরফের হলেই দাউদকান্দির হাইওয়ে পুলিশ অটোরিকশার চালকদের হয়রানি করে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে মামলা দেওয়া হয়।
সিএনজিচালিত অটোরিকশার চালক জাহাঙ্গীর আলম বলেন, ‘সকাল ছয়টা-আটটার মধ্যে গ্যাস নিতে গিয়ে সিরিয়াল দিয়া প্রায়ই সময় একটু বেশি লাগে। হেই সময় হাইওয়ে পুলিশে ধইরা টাকা আদায় করে। পুলিশরে টাকা না দিলে রেকার দিয়া ধইরা গাড়ি নিয়ে যায় এবং সাড়ে আট হাজার টেকার মামলা দেয়। রাইতে তিনটার সময় গেলেও পুলিশরে টেকা দিতে হয়।’
চালক আবদুল মোমেন বলেন, ‘গাড়ির গ্যাস আনার সময় বাড়ানো আর পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে সকাল আটটা থেকে সব গাড়ি বন্ধ রেখে রাস্তায় অবস্থান নিয়া প্রতিবাদ করছি। সারা রাস্তাতেই কিছু দূর পরপর অবস্থা নিয়ে আমরা মিছিল-মিটিং করছি।’
গতকাল বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, হোমনা বাসস্ট্যান্ড এলাকা থেকে অটোরিকশার চালকেরা বিক্ষোভ মিছিল করে মাথাভাঙ্গা পঞ্চবটি পর্যন্ত যান এবং রাস্তায় অবস্থান নেন। এ কারণে হোমনা-বাঞ্ছারামপুর, হোমনা-গৌরীপুর, হোমনা-মুরাদনগর ও হোমনা-মেঘনা সড়কে কোনো গাড়ি চলছে না।
হোমনা বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন যাত্রী জানান, সিএনজিচালিত অটোরিকশা না চলায় তাঁদের ভেঙে ভেঙে যাতায়াত করতে হচ্ছে। গৌরীপুর থেকে হোমনা আধা ঘণ্টার রাস্তা আসতেই দুই ঘণ্টার বেশি সময় লেগেছে তাঁদের। অটোরিকশার মালিক ও চালকেরা যাত্রীদের জিম্মি করে দাবি আদায় করতে চাইছেন। যাত্রীদের নিরুপায় হয়ে তা সহ্য করতে হচ্ছে।
গৌরীপুর লাইফ ডিজিটাল হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার বায়নগর গ্রামের মাজেদা খাতুন (৭০), কামাল মেডিকেলে চিকিৎসা নিতে আসা পেন্নাই গ্রামের সাজেদা বেগম (৬৯) এবং বকচর গ্রামের আবুল হাসেম (৭২) জানান, সিএনজি অটোরিকশা বন্ধ থাকায় তাঁদের হেঁটে আসতে হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ‘চাঁদাবাজির অভিযোগ সঠিক নয়। গ্যাস নিতে সরকারের নির্ধারিত সকাল ছয়টা-আটটা পর্যন্ত সময়ের কিছু পরেও ছাড় দেওয়া হয়। কিন্তু সকাল ১০টার পরেও যদি কোনো অটোরিকশা হাইওয়েতে যাত্রী নিয়ে চলাচল করে সে ক্ষেত্রে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।’
হোমনা থানার ওসি আবুল ফয়সল বলেন, সিএনজি অটোরিকশার চালকেরা রাস্তা অবরোধ করেছে শুনে বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ পাঠিয়ে ধাওয়া দেওয়া হলে তাঁরা সরে গেছেন।
গতকাল বিকেল পাঁচটার দিকে স্থানীয় সাংসদের সঙ্গে বৈঠক করে সমঝোতার ভিত্তিতে অবরোধ তুলে নিয়েছেন সিএনজিচালক ও মালিকেরা। তিতাস উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিকেল সাড়ে চারটার দিকে ওই বৈঠক হয়।
কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সাংসদ আমির হোসেন ভূঁইয়া বলেন, মালিক সমিতি ও সিএনজিচালকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাঁরা অবরোধ তুলে নিতে রাজি হয়েছেন।
হোমনা-মেঘনা সিএনজি মালিক সমিতির সভাপতি আবদুল মোমেন প্রথম আলোকে বলেন, সাংসদ তিন দিনের সময় নিয়েছেন। তাঁর আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেওয়া হয়েছে।