অটোচালকদের ধর্মঘটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়ক অতিক্রম করার (ক্রসিং) সুযোগ দেওয়ার দাবিতে এবং অটোরিকশাচালকদের হয়রানির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার কুমিল্লায় অটোরিকশাচালকেরা ধর্মঘট পালন করেছেন। এতে কুমিল্লার কোনো সড়কেই সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগ পোহান।

কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে অটোরিকশাচালকদের এ অযৌক্তিক আন্দোলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কোনো অবস্থাতেই অটোরিকশাচালকদের মহাসড়ক অতিক্রম করার সুযোগ দেওয়া
হবে না।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সংযোগ সড়ক পার হয়ে কুমিল্লা শহরে যাওয়ার জন্য অটোরিকশাচালকেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু চালকদের ওই দাবি পূরণ না করে পুলিশ তাঁদের যান আটকিয়ে মামলা ও জরিমানা করছে। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কুমিল্লার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রেখে তাঁরা ধর্মঘট পালন করেন। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। 

সরেজমিনে দেখা গেছে, নগরের কান্দিরপাড়, রামঘাট, টমছমব্রিজ, রামমালা, শহরতলির দৌলতপুর, বলরামপুর, নন্দনপুর, চাঙ্গিনী, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, কোটবাড়ি, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অটোরিকশাচালকেরা পিকেটিং করছেন। তাঁরা কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী বলেন, অটোরিকশা না চলার কারণে কোটবাড়ি থেকে কালিরবাজার হয়ে মহেশপুর পর্যন্ত চারবার বিরতি দিয়ে রিকশায় করে যেতে হয়েছে। এতে বাড়তি ভাড়া দিতে হয়েছে।

অটোরিকশাচালক আবুল কালাম ও ফরহাদ মিয়া বলেন, ‘বিভিন্ন উপজেলা থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে কুমিল্লা শহরে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। একই সঙ্গে মামলা ও জরিমানা করে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। মহাসড়ক ক্রসিং দেওয়ার দাবিতে আমরা ধর্মঘট পালন করছি।’