অটোবাইকচালকসহ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক দিন নিখোঁজ থাকার পর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকা পদ্মা নদী থেকে গত শনিবার এক অটোবাইকচালকের লাশ উদ্ধার করা হয়েছে। একই উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি ডোবা থেকে অজ্ঞাত (৩৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত অটোবাইকচালকের নাম ফরিদ মীর (২৬)। তিনি ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদীর চর এলাকার আয়জদ্দিন মাতুব্বরের ডাঙ্গি গ্রামের রুস্তম মীরের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ফরিদপুর শহরে আসার কথা বলে ফরিদ অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি ফরিদের বাবা গত শুক্রবার কোতোয়ালি থানায় লিখিতভাবে জানান। পরে গত শনিবার সন্ধ্যায় সিঅ্যান্ডবি ঘাট এলাকায় পদ্মা নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এরপর পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন।
আলীয়াবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মুন্সী মো. তোফাজ্জেল হোসেন জানান, গতকাল রোববার মল্লিকডাঙ্গি গ্রামের গফুর শেখের মেহগনি বাগানের কাছের একটি ডোবা থেকে পানি আনতে যান এক রাজমিস্ত্রি। ওই সময় তিনি সেখানে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানান।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে ফুলপ্যান্ট ও চেক শার্ট ছিল। তাঁর গলায় রশির দাগ আছে।