অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

বরিশাল নগরে যাত্রীবাহী অটোরিকশার (স্থানীয়ভাবে মাহিন্দ্রা নামে পরিচিত) সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ সাতজন যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুরের বাঁশতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং বাকি তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময় আহত হন আরও তিন যাত্রী। ঘটনার পর থেকে ট্রাকচালক ও সহকারী পলাতক রয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন অটোচালক ও বাবুগঞ্জ উপজেলা রহমতপুর এলাকার স্বপন কুমার দাস (৪০), উপজেলার পশ্চিম পাংশা এলাকার একই পরিবারের আফতাফ মৃধা (৫০), সোহরাব হোসেন (৬০) ও রহিমা বেগম (৪০), রহমতপুর এলাকার মালেকা বেগম (৫৫) ও হৃদয় (১৩) এবং সরকারি ব্রজমোহন কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী মামুন অর রশীদ (২২)। আহত ব্যক্তিরা হলেন একই পরিবারের আমিরুন্নেছা (৩৫), ফুলবানু (৪০) ও রেশমা বেগম (৫)।
প্রত্যক্ষদর্শী আবদুর রহমান জানান, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাচালক বরিশালের দিকে যাচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে পণ্যবোঝাই একটি ট্রাক ঢাকার মাওয়া যাচ্ছিল। পথে কাশিপুর বাঁশতলা এলাকায় পৌঁছালে অটোচালক একটি মোটরসাইকেলকে পাশ দিতে গেলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকের তলায় ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। আহত যাত্রীদের ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, মাহিন্দ্রাটি ১০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল এবং তরমুজবোঝাই ট্রাকটি বিপরীত দিক থেকে মাওয়ায় যাচ্ছিল। অটোরিকশাটির বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ট্রাকের নিচে চাপা পড়ে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক জহুরুল বলেন, চারজন যাত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আর গুরুতর আহত অবস্থায় ছয়জনকে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে তিনজন মারা গেছেন। বাকি তিনজন চিকিৎসাধীন।
বাবুগঞ্জ ইউএনও বাকাইদ হোসেন বলেন, নিহত ব্যক্তিদের পরিবারকে প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়েছে।