অটোরিকশা খাদে পড়ে বৃদ্ধা, মাইক্রোবাসচাপায় শিশু নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গতকাল সোমবার অটোরিকশা খাদে পড়ে রাবেয়া বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। একই দিন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাইক্রোবাসচাপায় নিহত হয়েছে মো. রুমান (৮) নামের এক শিশু।
বৃদ্ধা রাবেয়া বেগমের বাড়ি দেওয়ানগঞ্জের হাতিভাঙ্গা ইউনিয়নের চরআমখাওয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী। পাকুন্দিয়ায় নিহত শিশু রুমানের বাড়ি উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে। বাবার নাম শামীম মিয়া। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
পুলিশ ও এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বেলা দেড়টার দিকে স্থানীয় সানন্দবাড়ি বাজার থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাঁচ যাত্রী নিয়ে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশে ছেড়ে আসে। অটোরিকশাটি দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের গুলুঘাট এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই রাবেয়া বেগম মারা যান। গুরুতর আহত হন সানন্দবাড়ি এলাকার আকলিমা বেগম (৪০), সন্ধ্যা বেগম (৫৫), বৃষ্টি আক্তার (১৮) ও ওয়াজেদ আলী (১৫)। তাঁদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
পাকুন্দিয়ায় নিহত শিশু রুমানের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বেলা সোয়া একটার দিকে বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় রুমান কিশোরগঞ্জগামী একটি মাইক্রোবাসের নিচে চাপা পড়ে। এতে গুরুতর আহত হয় সে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিক্ষুব্ধ এলাকাবাসী মাইক্রোবাসটি আটক করেন এবং এর চালক মানিক মিয়াকে বেদম মারধর করে পুলিশে সোপর্দ করেছেন।
পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন বলেন, মাইক্রোবাসটি থানায় রয়েছে। চালক মানিক মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।