অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়া জেলার সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকেরা গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে থেকে শুরু করে মিরপুর উপজেলার চারমাইল এলাকা পর্যন্ত কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের ওপর কয়েক শ অটোরিকশাচালক সড়কের ওপর অটোরিকশা রেখে অবরোধ করেন। এ সময় তাঁদের মাথায় সাদা কাপড় বাঁধা ছিল। এরপর তাঁরা বিক্ষোভ মিছিল শুরু করেন ও সড়কের ওপর শুয়ে পড়েন। এতে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল দুই ঘণ্টা বন্ধ থাকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সংখ্যায় কম থাকায় প্রাথমিকভাবে কোনো ব্যবস্থা নিতে পারেনি। পরে বেলা ১১টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরোধকারীদের সরাতে লাঠিপেটা করে। এ সময় অনেকে পালাতে গিয়ে সড়কের পাশে পুকুরে ঝাঁপ দেন। পুলিশের লাঠিপেটায় ১০-১২ জন আহত হন। তাঁদের মধ্যে চার-পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
নাম প্রকাশ না করা শর্তে আটক কয়েকজন চালক জানান, মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা থাকায় কোনো যাত্রী অটোরিকশায় উঠতে চান না। কারণ যাত্রীরা এই যানে করে সরাসরি জেলা সড়ক থেকে মহাসড়ক পর্যন্ত পৌঁছাতে পারেন না। এতে তাঁদের আয় কমে গেছে। তাই পেটের দায়ে তাঁরা অবরোধ করতে বাধ্য হয়েছেন। তবে এ ব্যাপারে সিএনজিচালিত অটোরিকশার মালিক সমিতির কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন বলেন, সরকারের নিষেধাজ্ঞা থাকায় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালাতে দেওয়া হচ্ছে না। চালকদের সড়ক অবরোধ করা ঠিক হয়নি। জনগণের দুর্ভোগ হওয়ায় অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। বেলা একটার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয়।