অটোরিকশা চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় সবুজ বণিক (২৩) নামের এক অটোরিকশাচালকের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া মাদ্রাসার সামনে কুমার নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সবুজ ফরিদপুর শহরের পূর্ব খাপাসপুর মহল্লার স্বপন বণিকের ছেলে। তিনি গত রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন।
সবুজের চাচা দীপক বণিক জানান, প্রতিদিনের মতো গত রোববার সকালেও অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন সুবজ। এরপর তিনি আর ফিরে আসেননি। গতকাল দুপুরে কুমার নদ থেকে লাশ উদ্ধারের খবর শুনে সালথা থানায় গিয়ে তিনি সবুজের লাশ শনাক্ত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান জানান, কুমার নদে বস্তাবন্দী অবস্থায় অর্ধগলিত লাশটি গতকাল দুপুরে উদ্ধার করা হয়। তবে অটোরিকশাটি উদ্ধার করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দীপক বণিক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।