খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা থেকে নওয়াপাড়া পর্যন্ত চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাগুলো থেকে প্রতিদিন প্রায় পৌনে পাঁচ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে৷ নওয়াপাড়া পৌরসভার মেয়র, একজন কাউন্সিলর, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাদের লোকজন ওই চাঁদা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
অটোরিকশার চালকদের অভিযোগ, প্রতিদিন ১৫০টি অটোরিকশা থেকে ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা দিতে হয়৷ নইলে কোনো চালক গাড়ি চালাতে পারেন না৷ চাঁদা আদায়কারীরা ক্ষমতাসীন দলের নেতা ও প্রভাবশালী হওয়ায় প্রশাসন বিষয়টি দেখেও না দেখার ভান করছে৷
বেশ কয়েকজন চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, খুলনার ফুলতলা বাজারে ফুলতলা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মারুফ মোল্লা, তাঁর ভাই হোসেন মোল্লাসহ আরও কয়েকজন প্রতিদিন প্রতিটি অটোরিকশা থেকে ৪০ টাকা করে চাঁদা আদায় করেন৷ পাশেই যশোরের নওয়াপাড়া পৌরসভার রাজঘাটে ওই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও অভয়নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুশান্ত দাস আদায় করেন ১০ টাকা করে৷ অন্যদিকে নওয়াপাড়া বাজারের সহেলী সিনেমা হলের সামনে অটোরিকশা পেঁৗছানোর পর প্রথমবার দিতে হয় ১০ টাকা৷ পরে প্রতিবার দিতে হয় পাঁচ টাকা করে৷ ওই টাকা ভাগ করে নেন নওয়াপাড়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর মোল্লা ওয়ালিয়ার রহমানসহ সাত-আটজন৷ রবিউল একই সঙ্গে নওয়াপাড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও অভয়নগর থানার শ্রমিক দলের আঞ্চলিক কমিটির সভাপতি৷
চালকেরা জানান, শুরুতে চাঁদা আদায়ের রসিদ দেওয়া হতো৷ পরে তা বন্ধ করে দেওয়া হয়৷ চাঁদা না দিলে গাড়িই চালাতে দেয় না৷ এ ছাড়া নতুন গাড়ি নামাতে চাইলে তালিকায় অন্তর্ভুিক্তর জন্য ফুলতলা স্ট্যান্ডে পাঁচ থেকে ১৫ হাজার টাকা চাঁদা দিতে হয়৷
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ফুলতলা বাসস্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে আছে ১০-১২টি অটোরিকশা৷ এর মধ্যে নতুন একটি গাড়ি এসে থামে সেখানে৷ যুবলীগের সাবেক নেতার ভাই হোসেন মোল্লা ওই চালককে বললেন, ‘তোর টাকা দে৷’ সঙ্গে সঙ্গে ওই চালক ৪০ টাকা বের করে দেন৷ এরপর রাজঘাট বাজারে দেখা যায়, বাবুল রহমান নামের এক ব্যক্তি একটি খাতা নিয়ে দাঁড়িয়ে আছেন৷ অটোরিকশা দেখলেই তিনি হাত উঁচু করছেন৷ চালকেরা গাড়ি থামিয়ে ১০ টাকা করে দিচ্ছেন৷ আর ওই চাঁদা আদায়কারী খাতা থেকে ওই গাড়ির সিরিয়াল নম্বর কেটে দিচ্ছেন৷ এরপর নওয়াপাড়া বাজার স্ট্যান্ডে দেখা যায়, খোকা নামের এক ব্যক্তি চাঁদা তুলছেন৷ পরিচয় গোপন করে কথা বললে তিনি বলেন, নওয়াপাড়া শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা তোলা হচ্ছে৷ এই চাঁদা ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম ও আওয়ামী লীগের নেতা ওয়ালিয়ার রহমানসহ অনেকে পান৷
ফুলতলার বাসিন্দা রউফ সরদার বলেন, ‘আমার দুটি গাড়ি আছে৷ ফুলতলায় ৪০-৫০ টাকা, রাজঘাটে সারা দিন ১০ টাকা আর নওয়াপাড়ায় প্রথমবার ১০ টাকা, পরেরবার পাঁচ টাকা করে চাঁদা দিতি হয়৷ সারা রাস্তায় চাঁদা দিতি দিতি মরলাম৷ এ নিয়ে কয়েক দফা মারামারিও হয়েছে৷ কয়েক জায়গায় দেন-দরবারও করিছি৷ কোনো ফল হয়নি৷’
চাঁদা আদায়কারীরা যা বলেন: মারুফ মোল্লা বলেন, ‘এখন ৩০ টাকা করে নেওয়া হয়৷ এর মধ্যে ১০ টাকা মোটর শ্রমিক ইউনিয়নকে দেওয়া হয়৷ বাকি ২০ টাকা আমরা নিই৷’ চাঁদা নেওয়ার অভিযোগ অস্বীকার করে সুশান্ত দাস বলেন, ‘রাজঘাট থেকে চাঁদা নিচ্ছে নওয়াপাড়া মোটর শ্রমিক ইউনিয়ন৷ নওয়াপাড়া বাজার থেকে নিচ্ছে পৌরসভা৷ যাঁরা আদায় করেন তাঁরা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ও আওয়ামী লীগের লোক৷’
মেয়র রবিউল ইসলাম বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, টাকা আমি পাই না৷ আমার পৌরসভার মধ্যে কোনো অটোরিকশা রাখব না বলে তারা মিথ্যা কথা রটাচ্ছে৷’ কাউন্সিলর মোল্লা ওয়ালিয়ার রহমান বলেন, ‘কে আগে যাবে, কে পরে যাবে—এই নিয়ে মারামারি হয়৷ এরপর ওরা সিরিয়াল দেওয়ার জন্য লোক রেখেছে৷ এ জন্য টাকা তোলে৷ আমি ওই টাকা-পয়সা নিই না৷’