অটোরিকশা ধর্মঘটে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘটের কারণে গতকাল বুধবার সকাল থেকে ভোগান্তিতে পড়তে হয়েছে চট্টগ্রাম নগরবাসীকে। তবে অনেক এলাকায় ধর্মঘট উপেক্ষা করে অটোরিকশা চলেছে। চান্দগাঁও, আগ্রাবাদ, নিমতলাসহ কয়েকটি এলাকায় অটোরিকশা চলাচলে বাধা দিয়েছেন ধর্মঘট আহ্বানকারী শ্রমিকেরা।

ধর্মঘটের কারণে বাসে অন্যদিনের তুলনায় বেশি ভিড় দেখা গেছে। একই অবস্থা ছিল টেম্পোতেও। নগরের লালখান বাজার এলাকার বাসিন্দা এখলাছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ধর্মঘটের কারণে বাসে যেতে হয়েছে। বাসে প্রচুর ভিড় ছিল।’

নম্বরবিহীন অটোরিকশা চলাচল বন্ধ, গাড়ি পার্কিংয়ের জায়গা নির্দিষ্ট করে না দেওয়া পর্যন্ত অটোরিকশার বিরুদ্ধে মামলা না করা, পুলিশি হয়রানি বন্ধ ও বিআরটিএর দুর্নীতিবাজ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ আট দফা দাবিতে সিএনজিচালিত অটোরিকশা মালিক ও চালকদের আটটি সংগঠন ধর্মঘট শুরু করেছে।

চট্টগ্রাম ও মহানগর সিএনজি অটোরিকশা মালিক-চালক ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক টিটু চৌধুরী বলেন, ‘নম্বরবিহীন অটোরিকশা চলাচল নিষিদ্ধ করাসহ আট দফা দাবির সমর্থনে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছি। নম্বরবিহীন গাড়ি নিষিদ্ধ করা আমাদের মূল দাবি। কিন্তু ধর্মঘটের মধ্যে প্রশাসন আমাদের সঙ্গে বসেনি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।’

তবে পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান পবলেন, ‘ধর্মঘট আহ্বানকারীদের সঙ্গে আমরা মঙ্গলবার বসেছিলাম। তাঁরা সাড়া না দিলে পুলিশ আর কী করতে পারে?  কয়েকটি এলাকায় অটোরিকশা চলাচলে বাধা দেওয়া হয়েছে। কেউ অটোরিকশা ভাঙচুর করলে দ্রুত বিচার আইনে মামলা নেওয়া হবে।’

অটোরিকশা-অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ বলেন, ‘আটটি সংগঠন যাত্রীদের জিম্মি করে ধর্মঘটের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মালিকের দৈনিক জমা ৯০০ টাকা নির্ধারণের প্রতিবাদে আন্দোলন করে আসছি। সেই আন্দোলনের ভিন্ন দিকে নিতে  ধর্মঘট ডাকা হয়েছে।’