অটোরিকশা-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, অটোরিকশার চালক মো. হেলাল (আনুমানিক ৩০) ও যাত্রী কবির হোসেন (আনুমানিক ৪৫)। দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বেগমগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জসীমউদ্দিন বলেন, অটোরিকশাটি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে বেগমগঞ্জের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। বাংলাবাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক মো. হেলাল মারা যান। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে কবির হোসেন মারা যান।